১৬ই নভেম্বরের মধ্যে জ্যোতিপ্রিয় মল্লিকের স্বাস্থ্য পরীক্ষার জন্য বিকল্প হাসপাতাল দেখতে হবে, আপাতত দুবার কম্যান্ড হাসপাতালে চিকিৎসা করানো যাবে জ্যোতিপ্রিয় মল্লিকের নির্দেশ কলকাতা হাইকোর্টের
বাংলার জনরব ডেস্ক : ইডির হাতে গ্রেফতার জ্যোতিপ্রিয় মল্লিকের শারীরিক চিকিৎসা জন্য অন্য কোন হাসপাতাল চিহ্নিত করার নির্দেশ দিলেন বিচারপতি অমৃতা সিনহা। তবে আপাতত আর মাত্র দুবার আলিপুর কম্যান্ড হাসপাতালে চিকিৎসা করানো যাবে জ্যোতিপ্রিয় মল্লিকের। চিকিৎসার সময় কোনও সাধারণ নাগরিক যাতে হাসপাতালে প্রবেশ না করতে পারেন, তা পুলিশকে নিশ্চিত করতে হবে। তাদের হেফাজতে থাকা প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রীর চিকিৎসার জন্য বিকল্প হাসপাতাল খুঁজতে হবে ইডিকে। এই মামলার পরবর্তী শুনানি হবে ১৬ই নভেম্বর।
আলিপুর কম্যান্ড হাসপাতালের আইনজীবী অনামিকা পাণ্ডের বক্তব্য, “একজন সেনা যখন আসছেন, তখন তাদের সব তথ্য দিতে হয়। প্রচুর বাইরের লোক চলে আসছে। সেই তথ্য নষ্ট হতে পারে। কল্যাণী এইমস-সহ একাধিক হাসপাতাল আছে। সেখানে চিকিৎসা হতে পারে। হেফাজতে থাকা নেতা-মন্ত্রীদের পাশাপাশি চোরাকারবারিদের চিকিৎসা পরীক্ষার জন্য কম্যান্ডে পাঠানো হচ্ছে।” বিচারপতি সিনহার প্রশ্ন, “কত দিন অন্তর চিকিৎসা করতে হয়?” উত্তরে আইনজীবী জানান, একদিন অন্তর।
কম্যান্ড হাসপাতাল ছাড়া অন্য কোনও হাসপাতালে চিকিৎসা হতে পারে কিনা, তা জানতে চান বিচারপতি। তাঁর আরও পর্যবেক্ষণ, “আজ কম্যান্ড হাসপাতাল নিরাপত্তা নষ্টের দাবিতে মামলা করছে। বিএসএফের হাসপাতালেও সেই একই প্রশ্ন উঠতে পারে। দুটি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এভাবে একে অপরের বিরোধিতা করতে পারে না।”
ইডির আইনজীবী ধীরজ ত্রিবেদী জানান, কল্যাণী এইমসের দূরত্ব বেশি। বাকি হাসপাতালগুলি চিকিৎসার জন্য প্রস্তুত নয়। সব পক্ষের দাবি শোনার পর হাই কোর্টের নির্দেশ আরও দুবার কম্যান্ড হাসপাতালে জ্যোতিপ্রিয়র চিকিৎসা করা যাবে। সেই সময় হাসপাতালে ঢুকতে পারবেন না কেউ। নিরাপত্তার দায়িত্ব সামলাতে হবে পুলিশকে।

