গান্ধী জয়ন্তীর দিনে দিল্লি অভিযানের ডাক অভিষেকের
বাংলার জনরব ডেস্ক: ১০০ দিনের কাজের বকেয়া টাকা আদায়ের জন্য এবার দিল্লিতে গিয়ে ধর্নায় বসবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ একুশে জুলাই এর মঞ্চ থেকে তিনি একথা ঘোষণা করেন। আগামী দোসরা অক্টোবর মহাত্মা গান্ধীর জন্মদিনে দিল্লি অভিযানের ডাক অভিষেকের।
উল্লেখ্য অভিষেক বন্দ্যোপাধ্যায় এর নবোজোয়ার কর্মসূচি চলার সময় তিনি রাজ্যবাসীকে আশ্বাস দিয়েছিলেন পঞ্চায়েত নির্বাচনের পর ১০০ দিনের কাজের বকেয়া টাকা আদায়ের দাবিতে দিল্লিতে গিয়ে অবস্থান বিক্ষোভে বসবেন। বাংলা থেকে লক্ষ লক্ষ লোক নিয়ে গিয়ে রাজধানীর শহরকে স্তব্ধ করে দেওয়ার হুঁশিয়ারি অভিষেক বন্দ্যোপাধ্যায় আগেই দিয়েছিলেন। আজ শুক্রবার একুশে জুলাই এর মঞ্চ থেকে তিনি দিনক্ষণ ঘোষণা করে দিলেন।
১ লক্ষ ১৫ হাজার কোটি টাকা বকেয়া অর্থ আদায়ে গান্ধীজয়ন্তীতে দিল্লি অভিযানের ডাক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সকলের সঙ্গে ট্রেনে চড়ে দিল্লি যাবেন বলেই জানান তিনি। তবে তার আগে বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও কর্মসূচির কথাও ঘোষণা করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। আগামী ৫ আগস্ট বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও কর্মসূচি ঘোষণা করবেন তিনি। অভিষেকের নির্দেশ মতো রাজ্যের ৩৪১টি ব্লকের বিজেপি নেতাদের তালিকা তৈরি করতে হবে। ওইদিন সকাল ১০টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত তাঁদের বাড়ি ঘেরাওয়ের ডাক তাঁর। বিজেপি নেতাদের পরিবারে কোনও বয়স্ক সদস্য থাকলে তাঁকে বাড়িতে ঢোকা কিংবা বেরনোর ক্ষেত্রে রাস্তা ছেড়ে দিতে হবে। তবে বিজেপি নেতাকে কোনওভাবে বাড়িতে ঢোকা কিংবা বেরনোর রাস্তা দেওয়া যাবে না বলেই স্পষ্ট নির্দেশ অভিষেকের।
বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও কর্মসূচিতে যাতে কোনও অশান্তি না হয়, সেদিকে দলীয় কর্মীদের নজর রাখার কথা বলেন তিনি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘোষণার পরই মঞ্চে ওঠেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। অভিষেকের নির্দেশিকা কিছুটা শুধরে দেন তিনি। বিজেপি নেতাদের প্রতীকী বাড়ি ঘেরাও হবে বলে জানান মমতা। বিজেপি নেতাদের বাড়ি থেকে ১০০ মিটার দূরে ঘেরাও কর্মসূচির নির্দেশ দলনেত্রীর।

