‘‘আপনাদের নিশ্চিত করে বলছি, নির্বাচনে পুলিশ ভাল ভাবে কাজ করবে’’ : ডিজিপি
বাংলার জনরব ডেস্ক : পঞ্চায়েত নির্বাচনে রাজ্য পুলিশ ভালো কাজ করবে বলে দাবি করলেন ডিজিপি মনোজ মালবিয়া। আজ মঙ্গলবার তিন রাজ্যের পুলিশ প্রধান বৈঠকে বসেছিলেন বৈঠকের পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এই মন্তব্য করেন রাজ্য পুলিশের ডিজি। পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে সীমান্তে নিরাপত্তা যাতে অটুট থাকে পার্শ্ববর্তী রাজ্যগুলি থেকে দুষ্কৃতীরা যাতে এই রাজ্যে ঢুকে ঝামেলা করতে না পারে তার জন্য আজ ঝাড়খন্ড বিহার এবং বাংলার পুলিশের ডিজিরা বৈঠকে বসেন। এদিনের বৈঠকে রাজ্য পুলিশের ডিজিপি দাবি করেন পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে যেসব ঘটনা ঘটেছে তা ছোটখাটো ঘটনা তাকে বড় করে সাজানো হচ্ছে। পঞ্চায়েত নির্বাচনে তিনি রাজ্য পুলিশ আরো ভালো কাজ করবে বলে তিনি দাবি করেন।
আগামী ৮ জুলাই রাজ্যে পঞ্চায়েত ভোট। মনোনয়ন পর্ব থেকেই অশান্তি শুরু হয়েছে রাজ্যের একাধিক জায়গায়। এখনও তা অব্যাহত। বিরোধী-শাসকের সেই গন্ডগোলের আবহে দিন কয়েক আগে দক্ষিণ ২৪ পরগনায় গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, পঞ্চায়েত ভোটে এত শান্তিপূর্ণ মনোনয়ন আগে রাজ্য দেখেনি। এ বার একই কথা শোনা গেল রাজ্য পুলিশের ডিজির মুখে। তিনি রাজ্যে হিংসার সমস্ত অভিযোগ কার্যত উড়িয়েই দিয়েছেন। উল্টে তিনি দায় ঠেলেছেন সংবাদমাধ্যমের উপর। ডিজি জানিয়েছেন, ছোট ছোট ঘটনাকেও সংবাদমাধ্যম এমন ভাবে দেখাচ্ছে, যা উচিত নয়। রাজ্য পুলিশের ডিজি মালবীয় বলেন, ‘‘ছোট ছোট ঘটনাকেও যদি মিডিয়া এমন দেখায় যে, বাংলায় এ রকম হচ্ছে, ও রকম হচ্ছে, এটা উচিত নয়।’’


