তৃণমূল একটি কোম্পানি মমতা বন্দ্যোপাধ্যায় তার ব্র্যান্ড, জনপ্রতিনিধিরা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ বিস্ফোরক মন্তব্য তৃণমূল বিধায়ক গৌতম চৌধুরীর
বাংলার জনরব ডেস্ক : বিরোধীরা এতদিন বলে আসছিল তৃণমূল একটা কোম্পানি, কর্পোরেট হাউস।এবার সেই প্রচারের স্বীকৃতি দিল খোদ তৃণমূল বিধায়ক। নিজের দলকে ‘কোম্পানি’ এবং দলের জনপ্রতিনিধিদের ‘মেডিক্যাল রিপ্রেজ়েন্টেটিভ’ বলে মন্তব্য করে বসলেন উত্তর হাওড়ার তৃণমূল বিধায়ক গৌতম চৌধুরী। এখানেই থেমে থাকেননি বিধায়ক। তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দলের ‘ব্র্যান্ড’ বলেও অভিহিত করেন তিনি।
ঘটনাচক্রে, সম্প্রতি উত্তর হাওড়ায় জল জমার সমস্যা নিয়ে নিজের দল পরিচালিত পুরসভার বিরুদ্ধেই রাস্তায় বসে বিক্ষোভ দেখিয়েছিলেন গৌতম। তার জন্য প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ধমকও খেয়েছিলেন। এ বার দল নিয়েই বিতর্কিত মন্তব্য করে সমালোচনার মুখে পড়লেন বিধায়ক।
তাঁর মন্তব্য প্রসঙ্গে তৃণমূল মুখপাত্র তথা দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, ‘‘বিভ্রান্তিমূলক এবং অবাঞ্ছিত মন্তব্য। উনি কী বলতে চেয়েছেন, আমি জানি না। শব্দপ্রয়োগ ঠিক নয়। তৃণমূল একটা পুরোদস্তুর রাজনৈতিক দল। দলের সকলেই রাজনৈতিক কর্মী। তবে এটা বিষয়, মমতা বন্দ্যোপাধ্যায়ই আমাদের প্রধান মুখ। তাঁকে সামনে রেখেই আমাদের এগিয়ে যেতে হবে।’’ বিধায়ককে ইতিমধ্যেই দল সতর্ক করেছে বলে জানান হাওড়া সদরের তৃণমূল সভাপতি কল্যাণ ঘোষ। তিনি বলেন, ‘‘ গৌতম চৌধুরীর সঙ্গে রাজ্য ও জেলা নেতৃত্বের কথা হয়েছে এ বিষয়ে। উনি জানিয়েছেন, ভুলবশত এই মন্তব্য করেছেন।’’
উল্লেখ্য, গত বৃহস্পতিবার জগৎবল্লভপুরের দক্ষিণ ঝাপরদহে দলের একটি কর্মিসভায় বক্তৃতা করতে গিয়ে শুভেন্দুর বলেছেন, ‘‘তৃণমূল একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি। ওই কোম্পানির মালিক মমতা বন্দ্যোপাধ্যায়। আর ভাইপো ম্যানেজিং ডিরেক্টর।’’ যার সপাট জবাবও মমতা এবং অভিষেক দু’জনেই দিয়ে থাকেন। শুক্রবার জেলায় ‘দিদির সুরক্ষা কবচ’ নিয়ে একটি সাংবাদিক বৈঠকে গৌতম বলেন, ‘‘তৃণমূল একটা কোম্পানি। যার ব্র্যান্ড হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা কেউ কিছু নই। আমরা জনপ্রতিনিধিরা একটা ওষুধ কোম্পানির মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভের মতো। মমতা বন্দ্যোপাধ্যায়ই দলের সব।’’
এই প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, ‘‘সত্যি কথাটাই উনি বলে ফেলেছেন। ওই দলে যাঁরা আছেন, সকলেই বসের কথা শুনে কাজ করেন। তৃণমূল দল গণতন্ত্র মানে না। ওই দলেও গণতন্ত্র নেই।’’

