দেশ 

দিল্লি পুরসভায় মেয়র নির্বাচনকে কেন্দ্র করে আপ ও বিজেপি কাউন্সিলরদের হাতাহাতির জেরে স্থগিত হয়ে গেল নির্বাচন

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : দিল্লি পুরসভায় মেয়র নির্বাচনকে কেন্দ্র করে আম আদমি পার্টি (আপ) এবং বিজেপি কাউন্সিলরদের হাতাহাতির জেরে স্থগিত হয়ে গেল নির্বাচন। ফলে দেশের রাজধানী অঞ্চলে এ বার নতুন করে রাজনৈতিক সঙ্কট তৈরি হতে পারে বলে আশঙ্কা।

অঙ্কের হিসাবে দিল্লিতে আপ-এর মেয়র এবং ডেপুটি মেয়র পদে জয়ের কথা। কিন্তু দিল্লির পুর আইন বলছে, মেয়র এবং ডেপুটি মেয়র নির্বাচনে ‘দলত্যাগ বিরোধী আইন’ কার্যকরী নয়। আর সেই ‘অঙ্কে’ ভর করেই কাউন্সিলর সংখ্যার হিসাবে অনেক পিছিয়ে থেকেও মেয়র ভোটে প্রার্থী দিয়েছিল বিজেপি। ফলে তৈরি হয়েছিল গোলমালের আশঙ্কা। সেটাই মিলে গেল শুক্রবার।

শুক্রবার অধিবেশনের সূচনায় বিতর্ক তৈরি হয় দিল্লির লেফটেন্যান্ট গভর্নর ভিকে সাক্সেনা মনোনীত তদারকি স্পিকার সত্য শর্মার ভূমিকা। বিজেপি নেতা সত্য মেয়র ভোটের আগে মনোনীত পুর সদস্যদের (অল্ডারম্যান) নাম শপথগ্রহণ করাতে গেলে বাধা দেন আপ সদস্যেরা। দিল্লির লেফটেন্যান্ট গভর্নর আগেই ১০ জনকে মনোনীত সদস্য হিসাবে ঘোষণা করেছিলেন। তিনি বিজেপিকে সুবিধা পাইয়ে দিতেই এ কাজ করছেন বলে অভিযোগ তুলেছিল আপ। ভোটে জয়ী আপ সদস্যদের শপথের আগেই শুক্রবার সত্য এক মনোনীত সদস্যকে শপথ নিতে ডাকলে সভায় তৈরি হয় প্রবল উত্তেজনা।

২৫০ আসের দিল্লি পুরনিগমে মেয়র পরে জয়ের জন্য প্রয়োজন ১২৬ জন কাউন্সিলরের সমর্থন। ডিসেম্বরের গোড়ায় পুরভোটে ১৩৪টি ওয়ার্ডে জিতে সেই ‘ম্যাজিক ফিগার’ ছুঁয়ে ফেলেছে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়ালের আপ। ক্ষমতাসীন বিজেপি নেমে আসে ১০৪-এ। ৯টি ওয়ার্ডে জেতেন কংগ্রেস প্রার্থীরা।

দিল্লি পুরসভার মেয়র পদে আপ প্রার্থী করছে প্রথম বার কাউন্সিলর নির্বাচনে জয়ী শেলি ওবেরয়কে। ৩৯ বছর বয়সী দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা শেলি ‘বিজেপির ঘাঁটি’ হিসাবে পরিচিত দিল্লির ইস্ট পটেলনগর এলাকার ৮৬ নম্বর ওয়ার্ডে জয়ী হয়েছেন। ডেপুটি মেয়র পদে আপের প্রার্থী আলে মহম্মদ খান। আপ নেতা তথা ৬ বারের বিধায়ক শোয়েব ইকবালের ছেলে এ বার চাঁদনি মহল এলাকা থেকে ১৭ হাজারের বেশি ভোটে জিতেছেন।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ