হাওড়া পুরসভার আসন পুনর্বিন্যাস নিয়ে হাই কোর্টে মামলা! কী বলল আদালত?
বাংলার জনরব ডেস্ক : হাওড়া পুরসভা ভোট নিয়েও এ বার আইনি জটিলতা। ওই পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে বিতর্কের মধ্যে ভোটের নির্ঘণ্ট ঘোষণা নিয়ে নির্বাচন কমিশনকে সতর্ক করল কলকাতা হাই কোর্ট। সোমবার আদালত জানায়, পরবর্তী শুনানির আগে যদি ভোটের দিনক্ষণ ঘোষণা করে দেওয়া হয়, সে ক্ষেত্রেও মামলার ভবিষ্যতের উপর বিষয়টি নির্ভর করবে। অর্থাৎ, ভোট ঘোষণা হয়ে গেলেও মামলায় যা নির্দেশ হবে, তা মানতে হবে কমিশনকে।
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস প্রক্রিয়াকে চ্যালেঞ্জ করে হাই কোর্টে মামলা করেছিলেন সিপিএমের প্রাক্তন মেয়র পারিষদ তথা বিধানসভা ভোটে মধ্য হাওড়া কেন্দ্রের প্রার্থী ইমতিয়াজ আহমেদ। সোমবার সেই মামলার শুনানি ছিল বিচারপতি রাজা বসু চৌধুরীর একক বেঞ্চে। শুনানিপর্ব শেষে ভোটঘোষণার উপর কোনও স্থগিতাদেশ দেয়নি আদালত। তবে বিচারপতি জানিয়েছেন, এই মামলার পরবর্তী শুনানি হবে ১ ডিসেম্বর। তার আগে ভোটের দিনক্ষণ যদি ঘোষণা হয়ে যায়, তার পরেও এই মামলার ভবিষ্যতের উপর তা নির্ভর করবে।
সম্প্রতি রাজ্য বিধানসভায় হাওড়া পুরসভার ওয়ার্ড সংখ্যা ৫০ থেকে বাড়িয়ে ৬৮ করার বিল পাস হয়। নিয়ম মেনে সঠিক পুনর্বিন্যাস না-করার অভিযোগ তোলেন মামলাকারী। তাঁর দাবি, এর ফলে কলকাতা পুরসভার মতো হাওড়াতেও আইনি জটিলতা তৈরি হয়েছে। কলকাতা পুরসভার ওয়ার্ড বিন্যাস সংক্রান্ত মামলা আপাতত সুপ্রিম কোর্টে বিচারাধীন। সেই মামলায় কলকাতা হাই কোর্ট ভোটঘোষণার উপর অন্তর্বর্তিকালীন স্থগিতাদেশ দিয়েছিল। সেই নির্দেশ চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতের দ্বারস্থ হয় রাজ্য।

