কলকাতা 

প্রতিশ্রুতি মতো জানুয়ারি থেকেই কার্যকর হচ্ছে বেকার ভাতা, ফেব্রুয়ারিতেই মিলবে টাকা!

শেয়ার করুন

আগামী বছরের শুরু থেকেই রাজ্যের নতুন বেকার ভাতা প্রকল্প চালু করে দিচ্ছে বিজেপির সরকার। জানুয়ারি থেকেই তা কার্যকর হয়ে যাচ্ছে। সোমবার দুপুরে নবান্ন থেকে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করলেন, ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহ থেকেই প্রথম কিস্তির টাকা হাতে পেতে শুরু করবেন বেকারেরা।

নির্বাচনের আগের সংকল্পপত্রেও বেকার ভাতার প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। বলেছিল, কর্মহীন স্নাতকদের মাসে ৩০০০ টাকা করে এবং যাঁরা স্নাতক নন, তাঁদের মাসে ২০০০ টাকা করে ভাতা দেওয়া হবে। তবে সংকল্পপত্রের প্রতিশ্রুতি মতো টাকা এখনই চালু হচ্ছে না। আপাতত ১৫ মাস স্নাতক এবং সরকারি ভোকেশনাল প্রশিক্ষণপ্রাপ্তদের দেওয়া হবে ২০০০ টাকা করে। অন্যদের দেওয়া হবে মাসে ১৫০০ টাকা করে। সংকল্পপত্রের প্রতিশ্রুতি মতো টাকা আপাতত দিতে না-পারার জন্য রাজ্যের কর্মহীনদের ‘সরি’ও বলেন মুখ্যমন্ত্রী।

সোমবার দুপুরে রাজ্য মন্ত্রিসভার বৈঠক ছিল নবান্নে। ওই বৈঠক শেষে মুখ্যমন্ত্রী তাঁর সরকারের এই বেকার ভাতা প্রকল্প চালু করার কথা ঘোষণা করেন। উল্লেখ্য, এ বছরের বিধানসভা ভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৎকালীন সরকার বেকার যুবক-যুবতীদের জন্য ‘যুবসাথী’ প্রকল্প চালু করেছিল। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি সরকার ক্ষমতায় আসার পরে বেকারদের জন্য সরকারি প্রকল্পের নাম রাখে ‘ভরসা’। সোমবার সেই ‘ভরসা’ প্রকল্পের খুঁটিনাটি তথ্য জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী।

শুভেন্দু জানান, রাজ্যের ২১-৪৫ বছর বয়সি বেকারেরা সরকারের এই ভাতা পাবেন। তবে একটি পরিবারের থেকে সর্বোচ্চ দু’জন সদস্যই এই বেকার ভাতা পেতে পারবেন। যাঁরা অন্নপূর্ণা যোজনার টাকা পান, তাঁরা আর বেকার ভাতার সুবিধা পাবেন না।

বিজেপির সংকল্পপত্রে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তা এই মুহূর্তে পূরণ না হওয়ার ব্যাখ্যাও দিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, বিজেপি সরকারে আসার পরে অনেকগুলি নতুন প্রকল্প চালু করেছে। সরকারি কর্মীদের মহার্ঘভাতা দিয়েছে। মহার্ঘভাতার এরিয়ার দিয়েছে। “অনেক অর্থনৈতিক দায়দায়িত্ব আমাদের উপরে পড়েছে। আমরা এই মুহূর্তে সংকল্পপত্র রক্ষা করতে পারছি না,” বলেন শুভেন্দু। মুখ্যমন্ত্রীর সংযোজন, “আমরা সরি বলে আপনাদের কাছ থেকে ১৫ মাস সময় চেয়ে নিলাম। ৩০০০ টাকা, ২০০০ টাকা এই মুহূর্তে দিতে পারলাম না। ১৫ মাস আপনারা ২০০০ টাকা, আর ১৫০০ টাকা নিন।”


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ