দেশ 

দুবার পরীক্ষার পরও বিসলেরির পানীয় জলে মিলল ক্যানসারের উপাদান! সংস্থার বিরুদ্ধে মামলার অনুমতি

শেয়ার করুন

বিসলেরির পানীয় জলের নমুনায় মিলল ক্যানসার সৃষ্টিকারী সম্ভাব্য উপাদান! রবিবার ‘বিসলেরি ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেড’-এর বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণের অনুমোদন দিয়েছে ভারতের খাদ্য নিরাপত্তা ও মান কর্তৃপক্ষ (এফএসএসএআই)। পরীক্ষাগারে দ্বিতীয় বার পরীক্ষার পরও সংস্থার প্যাকেটজাত পানীয় জলের নমুনা নিরাপদ নয় বলে শনাক্ত হওয়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে, বিসলেরির ঠিক কোন ধরনের প্যাকেটজাত পানীয় জল ল্যাব পরীক্ষায় বিপজ্জনক বলে গণ্য হয়েছে, তা খাদ্য নিয়ন্ত্রক সংস্থা এফএসএসএআই -এর পক্ষ থেকে সুনির্দিষ্ট ভাবে জানানো হয়নি।

সমাজমাধ্যমের এক পোস্টে খাদ্য নিয়ন্ত্রক সংস্থাটি জানিয়েছে, ‘ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস (এফএসএস) অ্যাক্ট, ২০০৬’-এর অধীনে প্যাকেটজাত পানীয় জল সংক্রান্ত নিয়ম লঙ্ঘনের দায়ে তারা বিসলেরি ইন্টারন্যাশনালের বিরুদ্ধে আইনি পদক্ষেপ বা মামলা শুরুর অনুমোদন দিয়েছে। এফএসএসএআই জানিয়েছে, তারা পরীক্ষার জন্য বিসলেরি ইন্টারন্যাশনালের ‘প্যাকেটজাত পানীয় জল’ (মিনারেল ওয়াটার বা খনিজ জল নয়)-এর একটি নমুনা সংগ্রহ করেছিল। প্রাথমিক পরীক্ষায় দেখা যায়, নমুনায় ব্রোমেটের মাত্রা নির্ধারিত সীমার চেয়ে বেশি। এর পর সংস্থার আবেদনের ভিত্তিতে নমুনাটির দ্বিতীয় দফা পরীক্ষাও হয়। দাবি, সেই নমুনাটিও অসুরক্ষিত বলে গণ্য হয়, যার ফলে ‘ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অ্যাক্ট, ২০০৬’-এর আওতায় সেটিকে ‘অসুরক্ষিত’ বলে ঘোষণা করেছে। ইন্টারন্যাশনাল এজেন্সি ফর রিসার্চ অন ক্যানসার এবং ইউএস ইপিএ-সহ বিশ্বব্যাপী স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক বিভিন্ন সংস্থা ব্রোমেটকে এমন একটি উপাদান হিসেবে চিহ্নিত করেছে, যার ফলে মানুষের শরীরে ক্যানসার বাসা বাঁধতে পারে।

ফলে স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠছে, বিসলেরির মতো নামী সংস্থার পানীয় জলে যদি এই ধরনের উপাদান পাওয়া যায়, তা হলে স্টেশন-বাস চত্বরে বা ট্রেনে-বাসে পথচলতি মানুষ যে জল কিনে খান, তার গুণগত মান কী রকম?

বিসলেরি ইন্টারন্যাশনাল ছাড়াও, বসন্ত মশালা প্রাইভেট লিমিটেড, টিট-বিট ফুডস ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড এবং মীমাংসা ইন্ডাস্ট্রিজ়-সহ আরও বেশ কয়েকটি সংস্থার বিরুদ্ধে পদক্ষেপ করেছে এফএসএসএআই। সংস্থাগুলির বিরুদ্ধে মামলা করার অনুমোদনও দেওয়া হয়েছে। নিয়মকানুন মেনে চলতে ব্যর্থ হওয়ায় নিয়ন্ত্রক সংস্থাটি উর্মি লাইফসায়েন্সেস এলএলপি এবং গৌড় আয়ুর্বেদিক স্টোরের লাইসেন্সও স্থগিত করেছে।

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ