Madhyamik Examination 2023 : আসন্ন মাধ্যমিক পরীক্ষা, অনুসন্ধান কলকাতা আমার স্বপ্নপূরণের কান্ডারী
মাত্র কয়েক মাসের পরিচয়, তাতেই আমি অনেক আপন অনুসন্ধান কলকাতার সঙ্গে। আসন্ন মাধ্যমিক পরীক্ষায় আমার টার্গেট পূরণের পথ দেখিয়েছে অনুসন্ধান, আগামী দিনেও পাবো নিশ্চিত বিশ্বাস আমার। বলছিল তিলজলা হাই স্কুলের কৃতী ছাত্র *তথাগত দাস*।
¤ তোমার স্কুল সম্পর্কে কিছু বলো।
➖নমস্কার, আমি তথাগত দাস, তিলজলা হাইস্কুলের দশম শ্রেণির ছাত্র। আমার স্কুল সম্পর্কে প্রথমেই আমার যে কথাটা মনে হল এটি একটি উন্মুক্ত শিক্ষাঙ্গন। এখানে খোলা মনে নিয়মিত পঠনপাঠন ও শরীরচর্চা করে থাকি। বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাগণ আমার কাছে ঠিক আমার মা বাবার পরের স্থানটিতে রয়েছেন।
¤ বাড়িতে তোমার কে কে আছেন? তাঁদের সম্পর্কে দুচার কথা
➖আমাদের পরিবার খুবই ছোটো, আমার মা ও বাবা ছাড়াও ঠাকুমা রয়েছেন। বাবা সারাদিন কর্মক্ষেত্রে ব্যস্ত থাকলেও সন্ধ্যায় কাজ থেকে ফিরেই আমার পড়াশোনার খোঁজখবর নেন। সারাদিনের ক্লান্তি থেকে আমাকে চাপমুক্ত করার জন্য নানাভাবে আনন্দ দেওয়ার চেষ্টা করেন। জীবনের সকল সাফল্য ও ব্যর্থতায় পরম বন্ধুর মতোই তিনি আমার নিঃশব্দ ছায়াসঙ্গী। এর পাশাপাশি আমার মাও আমার জীবনের এক অতন্দ্র প্রহরী, যিনি নিজের যাবতীয় দুঃখ-কষ্টকে আড়াল করে অক্লান্ত পরিশ্রমের মধ্য দিয়ে আমাকে আমার লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে চলেন। আমার জীবনের সার্বিক মূল্যবোধের প্রশিক্ষক হলেন আমার মা।
¤ সামনে মাধ্যমিক পরীক্ষা। কিভাবে প্রস্তুতি নিচ্ছো? তোমার টার্গেট কি?
➖আগামী ২৩শে ফেব্রুয়ারী ২০২৩ এ আমার মাধ্যমিক পরীক্ষার সূচনা ঘটতে চলেছে। জীবনে আমার এটাই প্রথম বড়ো পরীক্ষা। তাই এইমুহূর্তে চলছে আমার শেষ প্রস্তুতি। বিদ্যালয়ের পাশাপাশি বিভিন্ন শিক্ষামূলক সংস্থার দ্বারা আয়োজিত মক টেস্টে অংশগ্রহণ করে আমার সারাবছরের প্রস্তুতি যাচাই করে নিচ্ছি। নিজের খামতিগুলো পরখ করে নিয়ে ভালো ফলাফলের দিকে নিজেকে এগিয়ে নিয়ে যাচ্ছি।
মাধ্যমিকের পর অদূর ভবিষ্যতে আমি আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স নিয়েই পড়াশোনা করতে চাই।
¤ তোমার প্রিয় বিষয় কী?
➖আমার প্রিয় বিষয় হল গণিত এবং ইংরেজি। ভবিষ্যতে এই দুটি বিষয়ের উপর ভর করেই এগোনোর ইচ্ছা আছে। কারণ আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স নিয়ে পড়াশোনা করতে হলে এই দুটো বিষয়ই সমানভাবে গুরুত্বপূর্ণ। তাই সেই ইচ্ছাপূরণের জন্য আমি ছোটো ছোটো পদক্ষেপ গ্রহণ করছি।
¤ অনুসন্ধান কলকাতার পরিচালনায় ডিসেম্বর মাসের পরীক্ষায় তুমি রাজ্যে প্রথম হয়েছ, কেমন লাগছে?
➖”অনুসন্ধান কলকাতা” আমার স্বপ্নপূরণের পথে অন্যতম কান্ডারী। মাত্র কয়েক মাস হলেও অনুসন্ধান আয়োজিত ক্লাসগুলিতে জয়েন করে আমি আরো অনেক কিছু জানতে পেরেছি। এখানকার শিক্ষক ও শিক্ষিকাগণের অনুপ্রেরণামূলক বক্তব্য আমাকে ভীষণভাবে উৎসাহিত করেছে। আমার সকল প্রশ্নের উত্তর তাঁরা খুব সুন্দরভাবেই তুলে ধরেছেন। তাঁদের দ্বারা আয়োজিত পরীক্ষার মাধ্যমেও আমি অনেক অজানা বিষয় সম্পর্কে সম্যক ধারণা লাভ করতে সক্ষম হয়েছি। সেকারণেই, “অনুসন্ধান কলকাতা”- এর প্রতি আমি বিশেষভাবে কৃতজ্ঞ, আগামী দিনেও আমি অনুসন্ধানকে সঙ্গে পাব বলে আমার নিশ্চিত বিশ্বাস।।
সাক্ষাৎকার গ্রহণে: বিশিষ্ট শিক্ষক গৌরাঙ্গ সরখেল

