বাঁশবেড়িয়ার ঈদ মহম্মদ হাই মাদ্রাসার পরিচালন সমিতির ভোটে তৃণমূল কংগ্রেসকে হারিয়ে ছটি আসন দখল করল বামেরা, বাংলায় মুসলিম ভোট কী শাসক দলের হাতছাড়া হচ্ছে ? জল্পনা তুঙ্গে
বাংলার জনরব ডেস্ক : তৃণমূল কংগ্রেস তৃণমূল স্তরে যে জনসমর্থন হারাচ্ছে তার ইতিমধ্যেই প্রমাণ মিলতে শুরু করেছে। হুগলি জেলার বাঁশবেড়িয়া ঈদ মহম্মদ হাই মাদ্রাসার পরিচালন সমিতির নির্বাচনে গোহারা হেরে গেল শাসক দল তৃণমূল কংগ্রেস। এই মাদ্রাসায় অভিভাবকদের জন্য ছটি আসনে ভোট হয় তার সবকটি আসনই দখল করেছে বামপন্থীরা। পঞ্চায়েত নির্বাচনের আগে হুগলি জেলার মতো তৃণমূল কংগ্রেসের গড়ে যেভাবে বামপন্থীরা ঘুরে দাঁড়াচ্ছে এবং মুসলিম ভোট তৃণমূলকে ছেড়ে বামপন্থীদের দিকে চলে যাচ্ছে তার খেসারত মমতা বন্দ্যোপাধ্যায়কে দিতে হবে বলে রাজনৈতিক মহল মনে করছে।
জানা গেছে,ঈদ মহম্মদ হাই মাদ্রাসা পরিচালন সমিতির ভোটে বামেদের কাছে ৬-০-য় হারল তৃণমূল। বাঁশবেড়িয়া ইদ মহম্মদ হাই মাদ্রাসা পরিচালন সমিতির ৬টি আসনেই জয়ী হয়েছেন বামপন্থী প্রার্থীরা।
গতকাল রবিবার বাঁশবেড়িয়া ইদ মহম্মদ হাই মাদ্রাসা পরিচালন সমিতির নির্বাচন হয়। ১ হাজার ৩০৮ জন ভোটারের মধ্যে ৬৭৭ জন ভোট দিয়েছিলেন। ফলাফল ঘোষণা হলে দেখা যায়, গতবারের বিজয়ী তৃণমূল সমর্থিত প্রার্থীরা সবকটি আসনেই পরাজিত হয়েছেন।
বামেরা দাবি করেছে, ভোট শান্তিপূর্ণ হওয়ায় এই জয়। শিক্ষাঙ্গনে রাজনীতি নয়, মানুষ যাকে চেয়েছে তাকেই ভোট দিয়েছে, প্রতিক্রিয়া তৃণমূলের। পঞ্চায়েত ভোটের আগে এই জয় বামেদের কোনও বাড়তি অক্সিজেন জোগায় কি না, সেটাই দেখার।

