জেলা বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

কৃষ্ণনগর বইমেলায় ‘জীববৈচিত্র্য সুরক্ষা বার্তা’ প্রকাশ

শেয়ার করুন

বিশেষ প্রতিনিধি: ২৪ ডিসেম্বর ২০২২ (শনিবার) কৃষ্ণনগর বইমেলায় পরিবেশ পত্রিকা ‘জীববৈচিত্র্য সুরক্ষা বার্তা’-র নতুন সংখ্যাটি প্রকাশিত হলো। বিশিষ্ট কৃষ্ণনাগরিক সম্পদনারায়ণ ধরের হাত দিয়ে পত্রিকার নতুন সংখ্যাটির আবরণ উন্মোচিত হয়। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন বিশিষ্ট কবি রামকৃষ্ণ দে। এবছর কৃষ্ণনগর পৌরসভার উদ্যোগে (২০-২৬ ডিসেম্বর, ২০২২) ১ম কৃষ্ণনগর বইমেলার আয়োজন করা হয়। কৃষ্ণনগর পাবলিক লাইব্রেরী প্রাঙ্গণে এই মেলা বসে। কৃষ্ণনগর বইমেলার মূল মঞ্চটি সাহিত্যিক সুধীর চক্রবর্তীর নামাঙ্কিত। সেই মঞ্চ থেকেই এদিন প্রকাশ পায় পরিবেশ পত্রিকা ‘জীববৈচিত্র্য সুরক্ষা বার্তা’-র নতুন সংখ্যাটি।

পত্রিকা প্রকাশের সময় মঞ্চে উপস্থিত ছিলেন ‘জীববৈচিত্র্য সুরক্ষা বার্তা’-র সম্পাদক দীপাঞ্জন দে। তিনি বলেন “আমাদের পত্রিকার আগের সংখ্যাগুলি পাঠকেরা খুব ভালোভাবে গ্রহণ করেছেন। এই সংখ্যাটিও খুব যত্ন নিয়ে করা হয়েছে। আর যার হাত দিয়ে এই সংখ্যাটি প্রকাশ পেল তিনি আমাদের অত্যন্ত কাছের মানুষ। আমরা কৃষ্ণনগর বইমেলার মূল মঞ্চে পত্রিকার নতুন সংখ্যাটি প্রকাশ করতে পেরে খুবই আনন্দিত।” জনপ্রিয় এই পরিবেশ পত্রিকাটি গোবরডাঙা গবেষণা পরিষৎ থেকে প্রকাশ পায়, যায় কর্ণধার হলেন বিশিষ্ট বিজ্ঞান লেখক দীপককুমার দাঁ। ত্রৈমাসিক এই পরিবেশ পত্রিকা ইতিমধ্যে বহু পরিবেশ লেখক, পরিবেশকর্মী, পাঠকদের নজর কেড়েছে। ‘জীববৈচিত্র্য সুরক্ষা বার্তা’ সংগ্রহের জন্য প্রকাশকদের পক্ষ থেকে এদিন সকলকে আহ্বান জানানো হয়।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ