নবনীড় বৃদ্ধাশ্রমে শুভেচ্ছা বিনিময়ে জনপ্রতিনিধিরা
বিশেষ প্রতিবেদন, পূর্ব বর্ধমান : পশ্চিমবঙ্গ সরকারের সহায়তা ও পূর্ব বর্ধমান জেলার সক্রিয় প্রচেষ্টায় অসহায়দের জন্য নবনীড় বৃদ্ধাশ্রম তৈরীর ফলেই প্রচুর সংখ্যক মানুষের আস্তানার জায়গা হয়েছে। উল্লেখ্য বিধায়ক খোকন দাসের সক্রিয় প্রচেষ্টায় বিগত বছর এই বৃদ্ধাশ্রমটির কাজ সম্পূর্ণ হয়।

সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী ফিরহাদ হাকিম। দৈনিক ৫০০র অধিক মানুষের খাদ্য সংস্থান করার পাশাপাশি বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা প্রদান করে থাকে নবনীড় বৃদ্ধাশ্রম এর কর্মকর্তারা। বলা বাহুল্য রবিবার উক্ত আশ্রমটি পরিদর্শনে এসে বর্ধমানের ভূমিপুত্র পশ্চিমবঙ্গ সরকারের বনমন্ত্রী শ্রী জ্যোতিপ্রিয় মল্লিক জানান, রাজ্য সরকারের মাননীয়া মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় যেভাবে সামাজিক মানন্নোয়ন ঘটছে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, অত্যন্ত সুন্দর মনোরম পরিবেশে যে পরিষেবা প্রদান করে আসছে নবনীড় বৃদ্ধাশ্রমের কর্মকর্তারা, তা সত্যিই প্রশংসনীয়। তিনি বলেন বৃদ্ধাশ্রমের আবাসিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি তাদের স্বাস্থ্য সম্পর্কে খোঁজখবর নেওয়া এবং পারিবারিক অবস্থা সম্পর্কে জানার চেষ্টা করা হয়। পরবর্তীকালে প্রশাসনিক আধিকারিকদের উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করার আর্জি জানানো হবে বলে তিনি জানান।

তিনি সাধারণ মানুষের কাছে অনুরোধ করেন,বৃদ্ধাশ্রমে পিতামাতাদের না পাঠিয়ে নিজেদের কাছে সেবা সুশ্রূষার মধ্যে দিয়ে শেষ জীবনটা অতিবাহিত করার। নবনীড় বৃদ্ধাশ্রমটি পরিদর্শনকালীন উপস্থিত ছিলেন মুখ্য পৃষ্ঠপোষক তথা বিধায়ক খোকন দাস, উঃ চব্বিশ পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সমাজসেবী একেএম ফারহাদ সহ অন্যান্যরা।

