জামিনের আবেদন খারিজ! আরও ১৪ দিন জেল হেফাজতেই থাকতে হবে পার্থসহ বাকি অভিযুক্তদের, ২৮ শে নভেম্বর পরবর্তী শুনানি
বাংলার জনরব ডেস্ক : যেকোনো শর্তে জামিন চেয়েছিলেন। প্রশ্ন তুলেছিলেন তদন্তের গতি প্রকৃতি নিয়ে। তদন্তের অজুহাতে অনন্ত কাল ধরে জেল বন্দি থাকবে পার্থ চট্টোপাধ্যায় এ প্রশ্ন তুলেছিলেন পার্থের আইনজীবী সেলিম রহমান। কিন্তু শেষ রক্ষা হয়নি আজ সোমবার আলিপুর আদালত আগামী ২৮শে নভেম্বর পর্যন্ত পার্থ চট্টোপাধ্যায়ের সহ বাকি ৬ জনকে জেল হেফাজত দিয়েছে। সিবিআই এর দাবি মেনে আদালতের এই সিদ্ধান্ত বলে জানা গেছে।
সোমবার এসএসসি নিয়োগ দুর্নীতি সংক্রান্ত সিবিআইয়ের মামলাটির শুনানিতে আলিপুর আদালতে হাজির করানো হয়েছিল পার্থকে। নিয়োগ দুর্নীতি সংক্রান্ত দু’টি মামলার শুনানি চলছিল সেখানে। শুনানি শেষে সিবিআই পার্থকে ১৪ দিন হেফাজতে চাইতেই ওই প্রশ্ন তোলেন পার্থ। যদিও আদালতে তিনি নিজের মুখে এ কথা বলেননি। পার্থের হয়ে তাঁর এই বক্তব্য আদালতকে জানান তাঁর আইনজীবী সেলিম রহমান। পার্থের বক্তব্যকে উদ্ধৃত করেই তিনি আদালতে বলেন, ‘‘শেষ ১৪ দিনে তদন্তের কী অগ্রগতি হয়েছে যে আমাকে হেফাজতে রাখতে হবে। অনন্তকাল কি হেফাজতে থাকব নাকি?’’
উল্লেখ্য গত ৩১ অক্টোবর পার্থকে ১৪ দিনের হেফাজত চেয়ে আদালতে আবেদন করেছিলেন পার্থের আইনজীবী। সোমবার সেই মেয়াদ ফুরিয়েছে। সেই প্রসঙ্গ টেনে পার্থের আইনজীবী আদালতে প্রশ্ন করেন, গত ১৪ দিন ধরে পার্থকে হেফাজতে নিয়ে তদন্তে কত দূর এগিয়েছে সিবিআই, যে আবার তারা পার্থকে হেফাজতে রাখতে চাইছে?
বস্তুত সোমবার এসএসসি সংক্রান্ত সিবিআই মামলায় তদন্তকারী সংস্থার ঢিমে তালে এগোনো তদন্ত নিয়ে প্রশ্ন তুলেছে এই মামলার বাকি অভিযুক্তরাও। শান্তিপ্রসাদ সিংহ, সুবীরেশ ভট্টাচার্যের আইনজীবীরাও নানা ভাব এই একই অভিযোগ করেছেন সিবিআইয়ের বিরুদ্ধে।
শান্তিপ্রসাদের আইনজীবী আদালতকে বলেন, ‘‘একটি দক্ষ এজেন্সি তদন্ত করছে। তার পরেও এত দিন লাগছে। লোকবল কোথায়, পরিকাঠামোই বা কোথায়! তদন্ত চলছে চলুক। সিবিআই জানাক, কত দিন লাগবে। কিন্তু অভিযুক্তদের শারীরিক অবস্থা এবং বয়সের কথাও ভাবা হোক।
সুবীরেশের আইনজীবীর যুক্তি, ‘‘রিম্যান্ডের কথা মেকানিক্যাল ভাবে লিখে দিচ্ছে সিবিআই। কিন্তু তদন্তের কোনও অগ্রগতি হচ্ছে কি? সিবিআই শুধু মুখেই বৃহৎ ষড়যন্ত্রের কথা বলছে, কিন্তু তার প্রমাণ দিতে পাচ্ছে না।’’
এরপর বিকেলে পার্থ চট্টোপাধ্যায় সহ অভিযুক্তদের সবার জামিনের আবেদন খারিজ করে আগামী ২৮ শে নভেম্বর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেয় আলিপুর আদালত।

