জনপ্রিয় মৌলানা আবদুল মান্নান চির বিদায় নিলেন!
সংবাদদাতা, ধনিয়াখালি: প্রাপ্ত সংবাদে প্রকাশ রবিবার বিকেলে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন ধনিয়াখালির সন্নিহিত গ্রাম লোকাবাটির বিশিষ্ট মৌলানা জনাব মান্নান সাহেব। মৃত্যুকালে তাঁর বয়েস হয়েছিল ৮৩ বছর। শুধু মৌলানা হিসেবেই নয় একজন বিশিষ্ট গুণী উদার প্রকৃতির মানুষ হিসেবে তিনি জনমানসে সুপরিচিত ছিলেন।
তাঁর আকষ্মিক মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়ার সাথে সাথে এতদাঞ্চলের হিন্দু মুসলমানের মধ্যে শোকের ছায়া নেমে আসে। তিনি দীর্ঘ চল্লিশ বছর লোকাবাটির মাঝের পাড়ার মসজিদে সুনামের সাথে ইমামতি করেছেন। তিনি স্থানীয় মানুষদের ধর্মীয় শিক্ষার পাশাপাশি সামাজিক শিক্ষায় উদ্বুদ্ধ করতেন। এমনকি প্রতিবেশী হিন্দু মুসলমানের মধ্যে সহাবস্থান ও সমন্বয় সম্প্রীতি রক্ষায় অনেক ইতিবাচক ভূমিকা পালন করতেন। একবার এলাকার অনুকূল ঠাকুরের ভক্তদের বিশাল সমাবেশে অতিথি বক্তা হিসেবে প্রাঞ্জল বক্তব্য রেখে সবার মন জয় করেছিলেন।
প্রাপ্ত সংবাদে বলা হয়েছে অগণিত মানুষের উপস্থিতিতে তাঁর মরদেহ আজ স্থানীয় কবরস্থানে কবরস্থ করা হবে।

