যাঁরা টাকা দিয়ে নিজেদের নম্বর বাড়ালেন, তাঁদেকে গ্রেফতার করা হবে না কেন? নবম দশম শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্তকারী সংস্থা সিবিআইকে প্রশ্ন আদালতের
বাংলার জনরব ডেস্ক : যাঁরা টাকা নিয়েছেন তাঁদের গ্রেফতার করা হল, অথচ যাঁরা টাকা দিয়ে নিজেদের নম্বর বাড়ালেন, তাঁদেরকে গ্রেফতার করা হবে না কেন? নবম দশম শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্তকারী সংস্থা সিবিআইয়ের কাছে এই প্রশ্ন করল আলিপুর আদালত।
সোমবার এসএসসির নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগ মামলার শুনানি ছিল আলিপুর আদালতে। বিচারক এ সংক্রান্ত একটি মামলার শুনানিতেই সিবিআইয়ের কাছে তদন্তের অগ্রগতি সম্পর্কে জানতে চেয়েছিলেন।
বিচারক — তদন্ত কতদূর এগিয়েছে?
সিবিআই— ৬৭৭ জনের তালিকা তৈরি করা হয়েছে। এঁদের নম্বর বাড়ানো হয়েছিল।
বিচারক— যে ৬৭৭ অযোগ্যপ্রার্থী চাকরি পেয়েছেন তাদের কত জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে?
সিবিআই— এখনও পর্যন্ত ৪ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
বিচারক— এঁরাও তো বৃহৎ ষড়যন্ত্রের অংশ, টাকা দিয়ে নম্বর বাড়িয়েছেন এঁরা। এদের হেফাজতে নেননি কেন?
সিবিআই— বয়ান নেওয়া হয়েছে। হার্ড ডিস্ক থেকে অনেক তথ্যই উদ্ধার করা হয়েছে।
বিচারপতি— কিন্তু এ ভাবে ৬৭৭ জনকে জিজ্ঞাসা করতে তো অনেক সময় লেগে যাবে!
সিবিআই— হ্যাঁ অনেকটা সময় লাগবে।
সৌজন্যে ডিজিটাল আনন্দবাজার

