জেলা 

সেবা প্রদানের একযুগ অতিক্রম করলো মেরিটকেয়ার মিশনের বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির

শেয়ার করুন

উলুবেড়িয়া, হাওড়া (২৯শে নভেম্বর, ২০২৬): হাওড়া জেলার উলুবেড়িয়া থানার অন্তর্গত বারাগোহালের *মেরিটকেয়ার মিশন* স্কুল প্রাঙ্গণে সফলভাবে অনুষ্ঠিত হলো বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির। *মেরিটকেয়ার মিশন ট্রাস্টের পরিচালনায়* এবং স্থানীয় সাংস্কৃতিক সংস্থা *বারাগোহাল নজরুল পাঠচক্রের সহযোগিতায়* আয়োজিত এই সেবামূলক শিবিরটি *আজ এক যুগ পূর্ণ করে ১৩তম বর্ষে পদার্পণ করল।*

এই বিশেষ মাইলফলকটিকে স্মরণীয় করে রাখতে শিবিরের মধ্যমণি তথা বিশিষ্ট চক্ষু চিকিৎসক *ডা. শেখ নজরুল ইসলাম-কে মিশনের পক্ষ থেকে উত্তরীয়, মানপত্র ও মেমোন্টো প্রদান করে বিশেষভাবে সংবর্ধিত করা হয়।* *শিবিরে এলাকার মোট ৬০ জন রোগীর চক্ষু পরীক্ষা করা হয়।* চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রত্যেক রোগীকে প্রেসক্রিপশনের পাশাপাশি বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ এবং উন্নত মানের মূল্যবান চোখের ড্রপ দেওয়া হয়। এছাড়াও, প্রয়োজনীয়তা অনুযায়ী বেশ কয়েকজন রোগীকে বিনামূল্যে চশমাও প্রদান করা হয়েছে।

এদিনের এই মহতী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিশনের সভাপতি মুবাইদুল ইসলাম মোল্লা, সম্পাদক এম এম আব্দুর রহমান, টিচার ইনচার্জ সেখ আনসারুল আব্বাস এবং বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন সেখ নাসিরুদ্দিন, সাহাবাজ কাজী, আলমগীর মোল্লা, ঝুমা দাস, জাহিমা খাতুন-সহ এলাকার অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী দিনেও সমাজসেবামূলক এই ধারা অব্যাহত থাকবে।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ