জেলা 

রক্তদানে ইতিহাস গড়ল খুঁজালু গছ, প্রথম শিবিরেই রক্ত দিলেন ২১ জন — নেতৃত্বে মহিলারা

শেয়ার করুন

এস রোজলিন : গ্রামের ইতিহাসে এই প্রথম। আর প্রথমবারেই চমক। চোপড়া ব্লকের প্রত্যন্ত খুঁজালু গছ গ্রামে শনিবার ফ্রেন্ডস ক্লাবের উদ্যোগে আয়োজিত হল স্বেচ্ছায় রক্তদান শিবির। সকাল থেকেই শিবিরকে ঘিরে গ্রামজুড়ে ছিল উৎসবের আমেজ। দলে দলে মানুষ এসে ভিড় জমান শিবির চত্বরে।

এদিনের শিবিরে মোট ২১ জন রক্তদান করেন। তার মধ্যে ৮ জনই মহিলা। গ্রামের প্রথম রক্তদান শিবিরে মহিলাদের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নজর কেড়েছে সকলের। প্রিয়াঙ্কা, রিতু, রেনু, রাখির মতো মহিলারা এগিয়ে এসে রক্তদান করেন। তাঁদের দেখে উৎসাহিত হন গ্রামের আরও অনেকেই।শিবিরের আয়োজক ফ্রেন্ডস ক্লাবের সদস্য অচিন্ত্য, মিন্টু ও অপূর্ব জানান, “প্রথমবার এই শিবির করতে পেরে খুব ভালো লাগছে। গ্রামের মানুষ যেভাবে পাশে দাঁড়িয়েছেন, তাতে আমরা অভিভূত। এই কাজে আমাদের সহযোগিতা করেছেন পুলিশ কর্মী বাপন দাস। তাঁর সহযোগিতা ছাড়া এত সুন্দরভাবে শিবির করা সম্ভব হতো না।”স্থানীয় বাসিন্দাদের কথায়, খুঁজালু গছ গ্রামে এর আগে কখনও রক্তদান শিবির হয়নি। তাই শিবির দেখতে ও রক্তদান করতে সকাল থেকেই প্রচুর মানুষের ভিড় হয়। অনেকেই প্রথমবার রক্ত দিয়ে মানবিকতার বার্তা দেন।

আয়োজকদের দাবি, এই শিবির শুধু রক্তদান নয়, গ্রামের মানুষের মধ্যে সচেতনতা তৈরিরও এক বড় পদক্ষেপ। আগামী দিনেও এই ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানিয়েছে ফ্রেন্ডস ক্লাব।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ