কলকাতা 

আলিয়া বিশ্ববিদ্যালয়ে প্রকাশিত হল মাফিকুল ইসলামের ‘অভিন্ন দেওয়ানি বিধি’ বই

শেয়ার করুন

কলকাতা, ২৯ নভেম্বর ২০২৬। দেশের সব নাগরিকের সমান অধিকার নিশ্চিত করতে হলে কি বিবাহ, বিবাহবিচ্ছেদ ও উত্তরাধিকারের নিয়মও এক হতে হবে? এই প্রশ্নকে কেন্দ্রে রেখে কলামলেখক মাফিকুল ইসলামের দ্বিতীয় বই ‘অভিন্ন দেওয়ানি বিধি’ প্রকাশিত হল রবিবার, কলকাতার আলিয়া বিশ্ববিদ্যালয়ের পার্ক সার্কাস ক্যাম্পাসে। বইটির উপশিরোনাম ‘সমতা, সংবিধান ও ভারতের বহুত্ববাদী সমাজ’। প্রকাশক নিউটাউনের হাতিয়াড়ার জ্ঞানদীপ প্রকাশন। লেখকের প্রথম বইয়ের বিষয় ছিল ভারতীয় ওয়াকফ ঐতিহ্য, আইনি ও ভবিষ্যৎ।

প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’ বোর্ডের কার্যনির্বাহী সদস্য মওলানা আবু তালেব রহমানি,

কলম পত্রিকার সম্পাদক আহমদ হাসান ইমরান সাহেন। বোর্ডের সদস্য মওলানা কামরুজ্জামান, ও মওলানা ইশাক মাদানি, এ ছাড়াও উপস্থিত ছিলেন আরও অনেক বিশিষ্ট ব্যক্তি।

কলকাতার সংবাদপত্রে সামাজিক ও সাংবিধানিক প্রশ্ন নিয়ে নিয়মিত লেখার অভিজ্ঞতা থেকে বইটির ভাবনা এসেছে বলে জানিয়েছেন মাফিকুল ইসলাম। পাঠকের মনে ঘুরেফিরে আসা কয়েকটি প্রশ্ন দিয়ে গ্রন্থের সূচনা। সংবিধানের ৪৪ নম্বর অনুচ্ছেদে কী বলা হয়েছে, পারিবারিক আইনের সংস্কারের সঙ্গে ধর্মীয় স্বাধীনতার সম্পর্ক কোথায়, কিংবা কোনও প্রচলিত প্রথায় একজন নারী বঞ্চিত হলে কীভাবে তাঁর অধিকার সুরক্ষিত করা যায়, সেই প্রশ্নগুলি সহজ ভাষায় ধরার চেষ্টা করেছেন লেখক।

তিন পর্বে বিন্যস্ত বইটির প্রথম পর্বে মৌলিক অধিকার ও রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতির পারস্পরিক সম্পর্ক আলোচিত হয়েছে। শিক্ষা, স্বাস্থ্য, জীবিকা ও ন্যায়বিচার নিয়ে রাষ্ট্রের অন্যান্য অঙ্গীকারের পাশে রেখে লেখক ৪৪ নম্বর অনুচ্ছেদটি পর্জালচনা করেছেন। আইন কমিশনের পর্যবেক্ষণের পাশাপাশি রয়েছে উত্তরাখণ্ড, অসম, গুজরাট ও গোয়ার তুলনামূলক পর্যালোচনা। পশ্চিমবঙ্গের পরিপ্রেক্ষিতে এই বিতর্কের তাৎপর্য নিয়েও একটি স্বতন্ত্র অধ্যায় রয়েছে।

দ্বিতীয় পর্বে আলোচনার কেন্দ্রে এসেছে কয়েকটি পরিচিত পারিবারিক প্রশ্ন। বিবাহ ও তালাকের প্রক্রিয়া, মহর, বহুবিবাহ এবং নারীর উত্তরাধিকার নিয়ে ইসলামী বিধান ও সমাজে প্রচলিত ধারণাগুলি পর্যালোচনা করেছেন লেখক। দত্তক গ্রহণ, অভিভাবকত্ব ও পালকসন্তানের পরিচয় নিয়ে আলোচনায় ভারতীয় আইনের সঙ্গে ইসলামী বিধানের তুলনা করা হয়েছে। শেষ পর্বে বিভিন্ন সম্প্রদায়ের নিজস্ব পারিবারিক আইনের সংস্কারের মধ্য দিয়ে লিঙ্গসমতা প্রতিষ্ঠার সম্ভাবনা খতিয়ে দেখা হয়েছে।

বইটির ‘লেখকের কথা’ অংশে মাফিকুল ইসলাম লিখেছেন, “আমি বিশ্বাস করি, নারীর মর্যাদা, শিশুর নিরাপত্তা এবং বৈষম্য থেকে মুক্তি নিয়ে কোনও আপস হতে পারে না।” তাঁর মতে, কোনও প্রথায় অন্যায় থাকলে তা সংশোধনের দায়িত্ব সমাজেরও। পাঠকের কাছে তাঁর প্রত্যাশা, বইয়ের যুক্তি নিয়ে তাঁরা প্রশ্ন তুলবেন, দ্বিমত জানাবেন এবং প্রয়োজনে লেখকের সীমাবদ্ধতাও চিহ্নিত করবেন।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ