শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় আগামী সোমবারই পার্থ অর্পিতার বিরুদ্ধে চার্জশিট পেশ করবে ইডি
বাংলার জনরব ডেস্ক : পার্থ অর্পিতার বিরুদ্ধে চার্জশিট পেশ করতে চলেছে ইডি। আগামী সোমবার ৫৮ দিনের মাথায় এসএসসি নিয়োগ-দূর্নীতির মামলায় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও তার বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের বিরুদ্ধে চার্জশিট পেশ করবে ইডি।পার্থ ও অর্পিতা ছাড়াও চার্জশিটে আরও কয়েক জনের নাম থাকতে পারে ইডি সূত্রে খবর।
প্রসঙ্গত, গত ২২ জুলাই শুক্রবার, নিয়োগ দুর্নীতি-কাণ্ডে দক্ষিণ কলকাতার নাকতলায় পার্থের বাড়িতে হানা দেয় ইডি। তার পর টানা জিজ্ঞাসাবাদের শেষে সে দিন গভীর রাতে (তারিখ অনুযায়ী ২৩ জুলাই, শনিবার) পার্থকে গ্রেফতার করা হয়। প্রাক্তন মন্ত্রীকে জিজ্ঞাসাবাদ চলাকালীনই তাঁর ‘ঘনিষ্ঠ’ বলে পরিচিত অর্পিতার টালিগঞ্জের আবাসনে হানা দেয় তদন্তকারী সংস্থা। ওই ফ্ল্যাট থেকে নগদ প্রায় ২২ কোটি টাকা উদ্ধার করা হয়। পরে অর্পিতার বেলঘরিয়ার ফ্ল্যাটেও টাকার পাহাড়ের হদিস পাওয়া যায়। সেখানে প্রায় ২৮ কোটি টাকা পাওয়া যায়। সব মিলিয়ে প্রায় ৫০ কোটি নগদ টাকা, সোনাদানা উদ্ধার ঘিরে শোরগোল পড়ে যায় রাজ্য জুড়ে। এই মামলায় অর্পিতাকেও গ্রেফতার করা হয়েছে।
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হেফাজতে থাকাকালীন স্বাস্থ্যপরীক্ষা করাতে যাওয়া আসার পথে সংবাদমাধ্যমে কয়েক বার মুখ খুলতে দেখা গিয়েছে পার্থকে। কখনও তিনি দাবি করেছেন, ‘‘আমি ষড়যন্ত্রের শিকার।’’ আবার এ-ও বলেছেন, উদ্ধার হওয়া টাকা তাঁর নয়। সংবাদমাধ্যমে অর্পিতাও দাবি করেছেন, এই টাকা তাঁর নয়।
বর্তমানে সিবিআই হেফাজতে রয়েছেন পার্থ। তার আগে প্রেসিডেন্সি জেলে বন্দি ছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী।
পার্থ-অর্পিতা ছাড়াও নিয়োগ দুর্নীতি-কাণ্ডে এসএসসি-র প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিন্হা ও কমিটির প্রাক্তন সদস্য অশোক সাহা, মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়কেও গ্রেফতার করা হয়েছে।
তথ্য সূত্র: ডিজিটাল আনন্দবাজার।

