বেঙ্গালুরুর হোটেলে বিদ্যুৎপিষ্ট হয়ে দুই বিদেশি নাগরিকের মৃত্যু!
এক বিলাসবহুল হোটেলের সুইমিং পুলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল দুই বিদেশি নাগরিকের। শুক্রবার সন্ধ্যায় এই ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুর ‘কনরাড’ হোটেলে। মৃতদের মধ্যে এক জন জার্মানির এবং অন্য জন স্লোভাকিয়ার নাগরিক। তাঁদের উদ্ধার করতে গিয়ে জখম হয়েছেন আরও এক মার্কিন নাগরিক এবং হোটেলের এক কর্মী।
বেঙ্গালুরু পুলিশের ডেপুটি কমিশনার (পূর্ব) বিক্রম আমাটে জানিয়েছেন, হিলটন ওয়ার্ল্ডওয়াইডের অধীনস্থ ওই হোটেলের চারতলায় (থার্ড ফ্লোর) থাকা সুইমিং পুলে শুক্রবার সন্ধ্যায় এই দুর্ঘটনা ঘটে। প্রাথমিক ভাবে অনুমান, পুলের জলে কোনও ভাবে বিদ্যুৎ সংযোগ চলে আসায় বিদ্যুৎস্পৃষ্ট হন তাঁরা। মৃতেরা হলেন আলেকজ়ান্ডার মাক্সিমিলিয়ান টাইস (৫৭) এবং য়ুরাই হোরভাত (৪৫)। জার্মানির নাগরিক আলেকজ়ান্ডার বিমানসংস্থা লুফৎহানসার ক্রু সদস্য ছিলেন। স্লোভাকিয়ার নাগরিক য়ুরাই তথ্যপ্রযুক্তি সংস্থা আইবিএম-এ প্রজেক্ট ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।
দুই বিদেশিকে পুলে বিপন্ন অবস্থায় দেখে তাঁদের বাঁচাতে ঝাঁপিয়ে পড়েন হোটেলে থাকা বছর একচল্লিশের মার্কিন নাগরিক ম্যাথিউ ডিস্যান্টিস এবং হোটেলের পুল অ্যাটেনডেন্ট তথা লাইফগার্ড রাহুল তিওয়ারি (২৮)। উদ্ধার করতে গিয়ে তাঁরাও জখম হন। তড়িঘড়ি আহত দু’জনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়। হাসপাতাল সূত্রে খবর, আপাতত তাঁরা আশঙ্কামুক্ত।

