দেশ 

চণ্ডীগড় বিশ্ববিদ্যালয়ে ছাত্রীদের স্নানের ভিডিয়ো ভাইরাল কাণ্ডে গ্রেফতার তিন,ছাত্রীদের দাবি মেনে নেওয়ায় আন্দোলন প্রত্যাহার

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : চণ্ডীগড় বিশ্ববিদ্যালয়ে ছাত্রীদের স্নানের ভিডিয়ো ভাইরাল কাণ্ডের তদন্তে নেমে আরও এক যুবককে গ্রেফতার করল পুলিশ। এই নিয়ে ঘটনায়  তিন জনকে গ্রেফতার করেছে পাঞ্জাব পুলিশ। এই ঘটনায় এক জন ছাত্রী, ওই ছাত্রীর ২৩ বছর বয়সি প্রেমিক এবং অন্য এক ৩১ বছর বয়সি যুবককে গ্রেফতার করা হয়েছে।

ভিডিয়ো-কাণ্ডে জড়িত থাকার কারণে বিশ্ববিদ্যালয়ের হোস্টেলের দুই ওয়ার্ডেনকেও বরখাস্ত করা হয়েছে কর্তৃপক্ষের তরফে। সমস্ত হোস্টেলের ওয়ার্ডেনদের বদলি করা হচ্ছে এবং হোস্টেলের সময়সূচি পরিবর্তন করা হচ্ছে বলেও জানা গিয়েছে।

পাশাপাশি, চণ্ডীগড় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত সমস্ত ক্লাস সাসপেন্ড করা হয়েছে। সকল অভিযুক্তদের শাস্তির দাবিতে বিশ্ববিদ্যালয় চত্বরে পড়ুয়াদের লাগাতার প্রতিবাদের কারণেই এই সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

রবিবার রাত দেড়টা নাগাদ কর্তৃপক্ষ সব দাবি মেনে নেওয়ায় পড়ুয়ারা আপাতত বিক্ষোভ কর্মসূচী প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছেন।

অভিযোগ উঠেছিল, ছাত্রীদের হোস্টেলের এক আবাসিক অন্যান্য আবাসিকদের আপত্তিকর ভিডিয়ো রেকর্ড করেন। ওই ছাত্রী কমপক্ষে ৬০ জন ছাত্রীর স্নানের দৃশ্য মোবাইল বন্দি করেছেন বলেও অভিযোগ ওঠে। এই অভিযোগও ওঠে যে, সেই ভিডিয়োগুলি নেটমাধ্যমে ছড়াতেই আট ছাত্রী আত্মহত্যার চেষ্টা করেন। শনিবার রাত থেকে এই খবর চাউর হতেই চাঞ্চল্য ছড়ায় বিশ্ববিদ্যালয় চত্বরে। প্রতিবাদে যোগ দেন বিশ্ববিদ্যালয়ের প্রায় হাজার পড়ুয়া।

 

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ