কলকতার ঠিকা প্রজা ও ভাড়াটিয়াদের কাছে সুখবর নিয়ে হাজির পুরসভা, জানতে হলে ক্লিক করুন !
বাংলার জনরব ডেস্ক : কলকাতা পুরসভার এলাকায় ঠিকা প্রজা এবং ভাড়াটিয়াদের মধ্যে এবার আইনত মালিকানা দেওয়ার প্রক্রিয়া শুরু করতে চলেছে পুরসভা। এবার বাড়ির অনুমোদন দেবে কলকাতা পুরসভা। এমনকি বাড়ি তৈরি কারর জন্য ব্যাঙ্ক থেকে ঋণও পাবে। কলকাতা পুরসভার এই সিদ্ধান্ত কার্যকর হলে পুরসভার (KMC) নয়া সিদ্ধান্ত অনুযায়ী বাড়ি করার জন্য ঠিকা প্রজাদের আর আলিপুরের কন্ট্রোলার অফিসে ছুটতে হবে না। বাড়ির ফর্ম পূরণ থেকে প্ল্যান অনুমোদন সবই হবে পুরভবনে। এমনকী, প্রয়োজনীয় মন্ত্রিসভার সম্মতিও জোগাড় করে দেবে পুরসভা।
মেয়র পারিষদ বৈঠক শেষে শুক্রবার মন্ত্রী ও মেয়র ফিরহাদ হাকিম (Mayor Firhad Hakim) জানিয়েছেন, “ঠিকা প্রজা ও ভাড়াটিয়াদের হয়রানি বন্ধ করতে সমস্ত আবেদন এখন পুরভবনের কাউন্টারে নেওয়া হবে। দায়িত্বে থাকছেন বিশেষ কমিশনার। অবশ্য সমস্ত ঠিকা প্রজাকে কিন্তু ভাড়াটিয়াদের প্রাপ্য অধিকার দিতেই হবে, তবেই প্ল্যান অনুমোদন করবে পুরসভা।”

বিষয়টি নিয়ে ময়দানে পুরসভার টেন্টে পারিষদদের বৈঠক শেষে ঠিকা কন্ট্রোলারকে নিয়ে আলোচনা করেন মেয়র। পরে মেয়র পারিষদ দেবাশিস কুমারকে পাশে নিয়ে ফিরহাদ জানান, “পুরভবনের কাউন্টারে বাড়ির প্ল্যানের অনুমোদনের সঙ্গে মিউটেশনও করে দেবে পুরসভা। সেক্ষেত্রে মিউটেশন দীর্ঘমেয়াদি লিজ হিসেবে দেওয়া হবে। ভাড়াটিয়ারাও বাড়ির মালিকানা পেয়ে যাবেন। তবে বাড়ি বা ফ্ল্যাট হস্তান্তর করা গেলেও বিক্রি করা যাবে না।”
সদ্য সমাপ্ত পুরভোটে ঠিকা প্রজা ও ভাড়াটিয়াদের নানা পরিষেবার কথা ঘোষণা করে শাসকদল তৃণমূল (TMC)। বস্তির যে সমস্ত বাসিন্দাদের আর্থিক সঙ্গতি নেই, তাঁদের জন্যও ‘বাংলার বাড়ি’ প্রকল্পে বাড়ি তৈরি করে দেওয়ার ভাবনা রয়েছে পুরসভার। সেই বাড়ি যদি বহুতল হয় সেখানে প্রয়োজনে লিফটের ব্যবস্থা করবে পুরসভা।

