গ্যাংস্টার দাউদ ইব্রাহিম এবং তাঁর কুখ্যাত ডি-কোম্পানির সঙ্গে ভারতের কোনও যোগ নেই! রাষ্ট্রপুঞ্জের রিপোর্ট সংশোধন করে জানিয়ে দিল ভারত
গ্যাংস্টার দাউদ ইব্রাহিম এবং তাঁর কুখ্যাত ডি-কোম্পানির সঙ্গে ভারতের কোনও যোগ নেই। বরং তিনি রয়েছেন পাকিস্তানেই! রাষ্ট্রপুঞ্জের সন্ত্রাসবাদ-প্রতিরোধী এবং মানবাধিকার সংক্রান্ত একটি রিপোর্ট সংশোধন করে দিয়ে এমনটাই জানাল ভারত।
স্বাধীন বিশেষজ্ঞ বেন সাওল গত জুলাইতে রাষ্ট্রপুঞ্জে যে রিপোর্ট পেশ করেছিলেন, তাতে দাউদের ডি-কোম্পানির ঘাঁটি হিসেবে ভারতের কথা বলা হয়েছিল। রাষ্ট্রপুঞ্জে ভারতের স্থায়ী প্রতিনিধিদলের ফার্স্ট সেক্রেটারি রঘু পুরী রিপোর্টের এই অংশ নিয়ে আপত্তি জানান। তিনি জানান, রিপোর্টের ওই অংশে তথ্যগত বিচ্যুতি থাকা সত্ত্বেও তার দায় নেওয়া হচ্ছে না। পুরী স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, দাউদকে খুঁজছে ভারতও। কিন্তু রাষ্ট্রপুঞ্জের তালিকাই বলছে যে, তিনি পাকিস্তানে থাকতেন।
ভারতের প্রতিনিধি স্মরণ করিয়ে দেন যে, ডি-কোম্পানির মাথা দাউদকে ২০০৩ সালেই সন্ত্রাসবাদীদের তালিকায় ঢুকিয়েছিল রাষ্ট্রপুঞ্জের সর্বোচ্চ নীতিনির্ধারক গোষ্ঠী নিরাপত্তা পরিষদ। তারও আগে ১৯৯৩ সালে একটি সন্ত্রাসবাদী হামলার সূত্রে দাউদকে খুঁজছে পুলিশ। সে কথা নিরাপত্তা পরিষদের নোটেও উল্লিখিত রয়েছে বলে জানান ভারতের প্রতিনিধি। রিপোর্টে এই বিষয়টির উল্লেখ না থাকা, ক্ষমার অযোগ্য বলে জানায় নয়াদিল্লি।
প্রসঙ্গত, আমেরিকার ৯/১১ হামলার মূলচক্রী ওসামা বিন লাদেনকে ২০১১ সালের ২ মে পাকিস্তানের অ্যাবোটাবাদে খুঁজে পেয়েছিল আমেরিকার সামরিক বাহিনী। সেই দিনেই তাঁকে নিকেশ করা হয়। পাকিস্তানের নাম না-করেই ভারতের প্রতিনিধি রাষ্ট্রপুঞ্জে বলেন, “দাউদ সেই দেশেই রয়েছেন, যেখানে ওসামা বিন লাদেনকে পাওয়া গিয়েছিল।”
প্রসঙ্গত, স্বাধীন বিশেষজ্ঞদের রাষ্ট্রপুঞ্জ সরাসরি নিয়োগ করে না। তাঁরা মূলত মানবাধিকার সংক্রান্ত বিষয়ে স্বাধীন এবং নিরপেক্ষ ভাবে তথ্যানুসন্ধান করে তার রিপোর্ট রাষ্ট্রপুঞ্জের কাছে জমা দেন।

