জেলা 

নজির গড়ল ডায়মন্ডহারবার, একই মেলায় পাশাপাশি সিপিএম-বিজেপি-এপিডিআর-এসইউসিআই-এর বুকস্টল

শেয়ার করুন

এস রোজলিন : কলকাতা: রাজ্যজুড়ে দুর্গাপুজোর মণ্ডপে বামপন্থী সংগঠনের বুকস্টলে হামলা, ভাঙচুরের অভিযোগে যখন সরগরম রাজ্য রাজনীতি, তখন সম্প্রীতি ও গণতান্ত্রিক সহাবস্থানের অনন্য নজির গড়ল ডায়মন্ডহারবার।

শারদীয় উৎসবের আবহে ডায়মন্ডহারবার শহরে পাশাপাশি বসেছে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের বইয়ের স্টল। একদিকে সিপিআই(এম), তার ঠিক পাশেই বিজেপি, তার পাশে এপিডিআর এবং কিছুটা দূরেই এসইউসিআই (কমিউনিস্ট) দলের স্টল। প্রতিটি স্টলেই সাধারণ মানুষের ভিড়। নিজেদের মতাদর্শ, ইতিহাস ও আন্দোলনের বই তুলে দেওয়া হচ্ছে পাঠকদের হাতে।

কোথাও কোনও উত্তেজনা নেই, বরং উৎসবের ভিড়ে পাঠকরা এক স্টল থেকে অন্য স্টলে ঘুরে বই দেখছেন, কিনছেন। এই ছবি দেখে খুশি শুভবুদ্ধি সম্পন্ন নাগরিকরা।

দলীয় সূত্রে জানা গিয়েছে, প্রশাসনের সহযোগিতাতেই এই শান্তিপূর্ণ সহাবস্থান সম্ভব হয়েছে। প্রশাসনের নিরপেক্ষ ও প্রশংসনীয় ভূমিকার ফলেই সমস্ত দল নির্বিঘ্নে তাদের কর্মসূচি পালন করতে পারছে।

স্থানীয় বাসিন্দাদের কথায়, “এটাই তো গণতন্ত্রের আসল সৌন্দর্য। মতপার্থক্য থাকবে, কিন্তু তার প্রকাশ হবে বইয়ের মাধ্যমে, আলোচনার মাধ্যমে, হিংসার মাধ্যমে নয়।”

উৎসবের মরশুমে ডায়মন্ডহারবার যে বার্তা দিল, তা হল — *বই পড়ুন, ভাবুন, প্রশ্ন তুলুন।*


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ