ব্যবসায়ীকে খুন পুরুলিয়ায়! গ্রেফতার ১, তদন্তে পুলিশ
টাকাপয়সা নিয়ে বচসার জের। পুরুলিয়ায় মাথায় হাতুড়ির ঘা দিয়ে ব্যবসায়ীকে খুন করার অভিযোগ। মঙ্গলবার রাতের এই ঘটনায় এক অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
প্রাথমিক ভাবে জানা গিয়েছে, খুন হওয়া ব্যক্তির নাম বনমালি গোপ ওরফে টিঙ্কু (৪৮)। পুরুলিয়া শহরের অদূরে সৈনিক স্কুলের সামনে তাঁর মুদিখানার দোকান রয়েছে। স্থানীয় সূত্রে খবর, অন্যান্য দিনের মতোই মঙ্গলবার প্রায় রাত ১২টা পর্যন্ত বনমালীর দোকান খোলা ছিল। সেই সময় এক ক্রেতা দোকানে এসে বনমালীকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন।
ওই চত্বরে পুজো উপলক্ষে বিশেষ পাহারায় নিযুক্ত ছিলেন বেশ কয়েক জন পুলিশকর্মী। ঘটনাস্থলে পৌঁছে যান তাঁরাও। তড়িঘড়ি বনমালীকে পুরুলিয়ার দেবেন মাহাতো সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
এই ঘটনায় রায়হান মহম্মদ নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, প্রাথমিক তদন্তে উঠে এসেছে যে, পুরনো বিবাদের জেরেই বচসা হয়। তার পরেই অভিযুক্ত হাতুড়ি দিয়ে দোকানদার বনমালির মাথায় মারেন বলে অভিযোগ।
বুধবার সকালে ঘটনাস্থলে যান জেলার অতিরিক্ত পুলিশ সুপার ধীরাজ ঠাকুর, ডিএসপি (শৃঙ্খলা ও প্রশিক্ষণ) সৈকত স্বর্ণকার এবং পুরুলিয়া মফস্বল থানার আইসি বিভাস রায় প্রমুখ। তবে নিছকই টাকা পয়সার লেনদেন সংক্রান্ত বিবাদ, নাকি অন্য কোনও কারণে খুন, তা খতিয়ে দেখছে পুলিশ। তবে পুলিশ জানতে পেরেছে, ধৃত রেহান মাঝে মধ্যেই বনমালির দোকানে যেতেন। জেলা পুলিশের এক আধিকারিক বলেন, “নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। একজনকে গ্রেফতার করা হয়েছে।”
সৌজন্যে ডিজিটাল আনন্দবাজার।

