প্রতীক কার? কমিশনের সিদ্ধান্ত নেওয়ার আগেই মমতার তৃণমূল নন্দীগ্রাম ও রেজিনগরে প্রার্থীর নাম ঘোষণা করে দিল
বাংলার জনরব ডেস্ক : প্রতীক কার পক্ষে যাবে সেই সিদ্ধান্ত নির্বাচন কমিশনের নেওয়ার আগেই মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস রেজিনগর ও নন্দীগ্রাম কেন্দ্রের উপনির্বাচনের প্রার্থী ঘোষণা করে দিল। আগামী ৬ অক্টোবর নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা কেন্দ্রের উপ নির্বাচন অনুষ্ঠিত হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নন্দীগ্রামে প্রার্থী করা হয়েছে সঞ্চিতা প্রধান দে কে। রেজিনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের তৃণমূলের প্রার্থী হয়েছেন প্রাক্তন বিধায়ক রবিউল আলম চৌধুরী। সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রে তিনি প্রার্থী ছিলেন তৃণমূল কংগ্রেসের পক্ষে। দলের তরফে প্রকাশিত বার্তায় বলা হয়েছে, দলনেত্রীর দিকনির্দেশনা ও অনুপ্রেরণায় মানুষের আশা-আকাঙ্ক্ষাকে সামনে রেখেই এই দুই উপনির্বাচনে লড়াই করবে দল।
উল্লেখ্য, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম এবং ভবানীপুর বিধানসভা কেন্দ্র থেকে লড়াই করেছিলেন রাজ্যের তৎকালীন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দুই আসনেই জয়ী হন তিনি। নন্দীগ্রাম আসনটি ছেড়ে দেন তিনি। অন্য দিকে, নওদা এবং রেজিনগর—দুই আসনেই জয় পেয়েছিলেন আম জনতা উন্নয়ন পার্টির নেতা হুমায়ুন কবীর। রেজিনগর আসন থেকে তিনি পদত্যাগ করায় নন্দীগ্রামের পাশাপাশি সেখানেও উপনির্বাচন হচ্ছে।
এই মুহূর্তে তৃণমূলের প্রতীক কার কাছে থাকবে, তা নিয়ে নির্বাচন কমিশনে লড়াই চলছে। যদিও রবিবার সকালেই শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বিবৃতি দিয়ে বলেন, “কমিশন আমাদের ১৬ ও ১৭ সেপ্টেম্বর হাজির হওয়ার জন্য বলেছে। আমাদের প্রার্থীরা যথারীতি দলের নিজস্ব প্রতীক নিয়েই উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।”

