শিক্ষক দিবসে মাধ্যমিকের মক টেস্ট পেপার্স প্রকাশ
বিশেষ প্রতিনিধি : মহান শিক্ষক ড. সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিনে দেশজুড়ে উদযাপিত হল শিক্ষক দিবস। এই বিশেষ দিনটিকে সামনে রেখে কলকাতার পার্ক সার্কাসের চেকমেট কেরিয়ার সভাগৃহে অনুষ্ঠিত হল ‘আগামী দিনের শিক্ষা ভাবনা’ শীর্ষক এক মনোজ্ঞ আলোচনাচক্র। মাধ্যমিক ছাত্র-ছাত্রীদের জন্য এদিন ছাত্র-ছাত্রীদের সুবিধার্থে প্রকাশ করা হল ‘মক টেস্ট পেপার্স’। টেস্ট পরীক্ষার বহু পূর্বে এই ধরনের মডেল টেস্ট পেপার প্রকাশ করার উদ্যোগকে খুবই প্রশংসাযোগ্য বলে মনে করেন উপস্থিত শিক্ষকগণ। এতে ছাত্রছাত্রীরা আসন্ন মাধ্যমিকের জন্য পর্যাপ্ত অনুশীলনের সুযোগ পাবে বলে মনে করেন তাঁরা। টেস্ট পেপার সম্পাদকমন্ডলীর বিশিষ্ট সদস্য সোহেল ইকবাল এদিন অনুষ্ঠানে উপস্থিত না থাকতে পারলেও তিনি জানান, বেশ কয়েকটি দিক থেকে এই টেস্ট পেপার ছাত্র-ছাত্রীদের কাছে উপকারে আসবে। তা হল, প্রতিটি প্রশ্নপত্রের সঙ্গে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর এবং গণিতের ক্ষেত্রে সম্পূর্ণ উত্তর। অনুশীলনের পর উত্তর মিলিয়ে নেওয়ার সুযোগ পেলে ছাত্র-ছাত্রীদেরকে তা আরো উৎসাহিত করে তোলে এবং ক্রমশ বিষয়ের গভীরে যেতে উদ্বুদ্ধ করে। এ সমস্ত কিছু ভেবেই টেস্ট পেপারের জন্য এই নতুন উদ্যোগটি নেয়া হয়েছে বলে তিনি জানান।
এদিন শিক্ষক দিবসে আলোচনার ফাঁকে বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক দীপক রঞ্জন মন্ডলের উপস্থিতিতে এই টেস্ট পেপারটি আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়।
সম্পূর্ণ অবাণিজ্যিক উদ্দেশ্যে, কেবল আগামী প্রজন্মের ছাত্র-ছাত্রীদের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান বেস এডুকেশনাল হাবের কর্ণধার খাদেমুল ইসলাম। তিনি বলেন, ছাত্র-ছাত্রীদের জন্য এই ধরনের উদ্যোগ আগামী দিনে আরো প্রসারিত করতে পরিকল্পনা করা হচ্ছে।
অনুসন্ধান সোসাইটির সঙ্গে টেস্ট পেপার্স প্রকাশনার যৌথ উদ্যোগে শামিল হয়েছিল বেস এডুকেশনাল হাব, ধী-লার্নএকাডেমি এবং চেকমেট কেরিয়ার।
বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষকরা উদ্যোক্তাদের এই নিঃস্বার্থ প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেন। এদিন এর পাশাপাশি অনুসন্ধান সোসাইটির সৌজন্যে ‘শিক্ষা ভাবনা’ নামে একটি বিশেষ ক্রোড়পত্রও প্রকাশ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত থেকে আগামী দিনের শিক্ষা ব্যবস্থার নানা দিক ও রূপরেখা নিয়ে গুরুত্বপূর্ণ মতামত ব্যক্ত করেন বিশিষ্ট শিক্ষক শরিফুজ্জামান, জহরলাল নাইয়া, কাজী মোঃ হাবিব, আব্দুর রাজ্জাক, মামুন সাঈদ, মুস্তাক মোর্শেদ এবং গৌরাঙ্গ সরখেল।
সব মিলিয়ে এদিন ঘরোয়া আড্ডার মেজাজে শিক্ষক দিবসের এই অনুষ্ঠানটি বেশ জমে উঠেছিল।

