“শিল্প নবজাগরণের পথে হাঁটছে বাংলা। পশ্চিমবঙ্গে বিনিয়োগের ফলাফল সুদূরপ্রসারী।” : রাজনাথ সিংহ
“রাজ্যে আগে শিল্প বন্ধ হওয়ার কথা শোনা যেত। এখন বাংলায় শুধুই বিনিয়োগের খবর আসছে।” গার্ডেনরিচ শিপ বিল্ডার্সের অনুষ্ঠানে এসে বড় বার্তা দিলেন দেশের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। বাংলার প্রথম বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীরও ভূয়সী প্রশংসা শোনা গেল তাঁর বক্তব্যে। বর্তমানে পশ্চিমবঙ্গ সরকার শিল্পের বিকাশ, উন্নয়ন করছে। সেই কথাও জানিয়েছেন তিনি।
গার্ডেনরিচ শিপ বিল্ডার্সে যুদ্ধজাহাজ নির্মাণের লক্ষ্যে রবিবার আরও পাঁচটি নতুন প্রকল্পের শিলান্যাস হল। ৩৪০০ কোটি টাকার বিনিয়োগ হয়েছে সেই লক্ষ্যে। আজ, রবিবার সেই নতুন প্রকল্পের ভূমিপুজো উপলক্ষ্যে কলকাতায় উপস্থিত হলেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ভারতে জাহাজ নির্মাণ ও প্রতিরক্ষা উৎপাদন খাতে এক উল্লেখযোগ্য মাইলফলক হিসেবে সূচিত হল। এমনই মনে করছে ওয়াকিবহাল মহল।
বক্তব্য রাখতে গিয়ে রাজনাথ সিং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে দরাজ সার্টিফিকেট দিলেন। তিনি বলেন, “বাংলার বাতাসে এখন এক নতুন গন্ধ। এটি শুধু পরিবর্তন নয়। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে এখানে সরকার গঠনের পর আমি বলতে পারি, এই পরিবর্তন আসলে উন্নয়নের পথ।” তিনি আরও বলেন, “বাংলায় এতদিন শিল্প বন্ধ হওয়ার কথা শোনা যেত। বাংলায় শুধুই বিনিয়োগের খবর। বর্তমানে নতুন সরকার শিল্পের বিকাশ, উন্নয়ন করছে।”
প্রতিরক্ষামন্ত্রী এদিন বলেন, “সব কিছু শুভ হচ্ছে। বাংলায় এখন বিনিয়োগের খবর। উন্নয়নের লক্ষ্যে এগিয়ে চলেছে পশ্চিমবঙ্গ সরকার। উদ্দেশ্য সৎ হলে উন্নয়ন কেউ আটকাতে পারবে না। বাংলার হাওয়ায় নতুন গন্ধ। স্বাস্থ্য, শিক্ষা, অর্থনীতিতে পরিবর্তন হয়েছে।” পালাবদলের পর সীমান্ত সুরক্ষায় রাজ্য ১১০০ একর জমি দিয়েছে, সেই কথাও তিনি জানিয়েছেন। রাজনাথের কথায়, “এই প্রকল্প নতুন অনুসারী শিল্পের জন্ম দেবে। বন্দে মাতরম মন্ত্র দিয়েছে বাংলা। নবজাগরণের সাক্ষী দিয়েছে বাংলা। প্রতিরক্ষা ক্ষেত্রেও ভূমিকা নিয়েছে বাংলা। শিল্প নবজাগরণের পথে হাঁটছে বাংলা। পশ্চিমবঙ্গে বিনিয়োগের ফলাফল সুদূরপ্রসারী।”

