পর্ণশ্রীর পুকুর থেকে উদ্ধার দেহ ! এলাকায় চাঞ্চল্য
কলকাতার পর্ণশ্রী থানা এলাকার একটি পুকুর থেকে উদ্ধার হল এক ব্যক্তির দেহ। স্থানীয়দের দাবি, মৃত ব্যক্তি এলাকার বাসিন্দা নন। পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
বুধবার সকালে পর্ণশ্রীর পুকুর থেকে উদ্ধার করা হয় অজ্ঞাতপরিচয় ওই ব্যক্তির দেহ। পুলিশ তাঁর পরিচয় জানার চেষ্টা করছে। দেহটি ময়নাতদন্তের জন্য স্থানীয় বিদ্যাসাগর হাসপাতালে পাঠানো হয়েছে। কী ভাবে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। পুলিশের তরফে জানানো হয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট প্রকাশিত হলে তা স্পষ্ট হবে।
রবিবার সকালে বারুইপুরের পুকুর থেকে উদ্ধার হয় এক বালিকার দেহ। শনিবার বিকেল থেকে নিখোঁজ ছিল সে। তাকে গণধর্ষণ করে খুনের অভিযোগ উঠেছে। তার পরের দিন, সোমবার অশোকনগরের এক জলাশয় থেকে উদ্ধার হয় এক তরুণীর দেহ। পুলিশ তদন্তে নেমে জানতে পারে, ওই মহিলা বিবাহিত। তাদের সন্দেহ, প্রেমিকের হাতে খুন হন তিনি। বিবাহবহির্ভূত সম্পর্কের জটিলতা থেকে এই ঘটনা বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যে সন্দেহভাজনকে গ্রেফতারও করা হয়েছে।

