কফি হাউসে ‘অ’ সাহিত্য পত্রিকার ৫০ বছর
গালিব ইসলাম : ৯ই মে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্ম জয়ন্তীর বিকেলে কলকাতার কলেজস্ট্রিট কফি হাউসে ‘অ’ সাহিত্য পত্রিকার ৫০ বছর পূর্তির সূচনা হল। ঠিক অর্ধ শতাব্দী আগে ১৯৭৬ সালে (১৩৮৩) সাহিত্যের পীঠস্থান কলেজস্ট্রিট কফি হাউসের টেবিল থেকে এই একই দিনে ‘অ’ সাহিত্য পত্রিকার পথ চলা শুরু হয়েছিল। সেই আবেগকে মাথায় রেখেই দূরদর্শন অধিকর্তা তথা পত্রিকার সম্পাদক – কবি ও লেখক দেবাঞ্জন চক্রবর্তী আলোকিত ৫০ বছরের একটি বিরল আসরের আয়োজন করলেন। এখান থেকে তিনি ঘোষণা করলেন : সারা বছর ধরে কলকাতা সহ বাংলার বিভিন্ন জেলার শহর ও গ্রামে – যা, উত্তরবঙ্গের দার্জিলিং থেকে শুরু করে দক্ষিণবঙ্গের সুন্দরবন পর্যন্ত বিভিন্ন স্থানে ‘অ’ সাহিত্য পত্রিকা-র ৫০ বছর পূর্তির অনুষ্ঠান চলবে। এদিন এই আসরে পাঁচ দশক আগের প্রথম সংখ্যাটির ফটোকপি পুনরায় মুদ্রিত হয়ে সকলের সামনে প্রকাশ পায়। একই সাথে এদিন সুবর্ণ জয়ন্তী বর্ষের প্রথম সংখ্যাটিও প্রাকাশিত হল। তাতে লেখা :
পঞ্চাশ পেরিয়ে আজও তারুণ্যে ভরপুর।

মাঝে মধ্যে বিরতি, তবুও চোখ তার বহুদূর।
‘অ’-এর কোন অগ্রজ নেই অনুজ তার সবাই
‘অ’ পত্রিকার সর্বজনের সুচিন্তিত প্রকাশ চাই।
এই আসরে উপস্থিত ছিলেন দূর দূরান্ত থেকে আসা প্রখ্যাত এবং নতুন প্রজন্মের বহু কবি ও লেখকরা। প্রথম সংখ্যা থেকে শুরু করে বর্তমান সংখ্যা পর্যন্ত প্রকাশিত লেখার কবি ও লেখকদের জমায়েত ছিল চোখে পড়ার মতো। এঁদের মধ্যে উল্লেখযোগ্য ব্যক্তিত্বরা হলেন কথা সাহিত্যিক অমর মিত্র ও বিশিষ্ট কবি নলিনী বেরা। অন্যান্য লেখকরা হলেন তরুণ বন্দ্যোপাধ্যায়, সম্বুদ্ধ চক্রবর্তী, দেবপ্রসাদ মুখোপাধ্যায়, অনুরাধা মহাপাত্র, গৌতম বাগচী, সত্যপ্রিয় মুখোপাধ্যায়, সোমনাথ দাশগুপ্ত, তাপস রায়, শান্তনু গঙ্গারিডি, হাসি বসু, অনিতা অধিকারী, বেবীবালা মণ্ডল, পুষ্পিতা নাথ, নীহার জয়ধর, স্বপন শর্মা, শঙ্কর ঘোষ, দিশা চট্টপাধ্যায়, অমিত পাঠক ও হরিশঙ্কর কুণ্ডু। এছাড়াও উত্তরবঙ্গ থেকে এসেছিলেন কবি বাপ্পাদিত্য দে, পার্থ বসু, বিদ্যুত দাস ও প্রমুখ।
দীর্ঘ পথ চলার জন্য এই সুবর্ণ জয়ন্তী বর্ষের সূচনার অনুষ্ঠানে বিভিন্ন ভাতৃপ্রতিম সংস্থার কর্ণধার ও শুভাকাঙ্খীরা ‘অ’ সাহিত্য পত্রিকার সম্পাদক দেবাঞ্জন চক্রবর্তীকে ফুলের স্তবক, উত্তোরীয়, সৌজন্য স্মারক, কলম ও বই প্রদানের মধ্য দিয়ে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

