মাধবপুরে কবিগুরুর ১৬৫তম জন্মজয়ন্তী পালন: সম্প্রীতির আহ্বানে প্রকাশিত হলো ‘পৃথিবীর পাঠশালা সাহিত্য পত্রিকা ২০২৬’
বিশেষ প্রতিনিধি : দক্ষিণ ২৪ পরগণার মাধবপুরে যথাযোগ্য মর্যাদায় সাড়ম্বরে উদযাপিত হলো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫-তম জন্মজয়ন্তী। একই মঞ্চে ‘পৃথিবীর পাঠশালা’ গোষ্ঠীর সাহিত্য পত্রিকার চতুর্থ সংখ্যার আবরণ উন্মোচন অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি স্মরণীয় হয়ে রইল।
অনুষ্ঠানের শুরুতে প্রদীপ প্রজ্জ্বলন ও কবিগুরুর প্রতিকৃতিতে মাল্যদান করে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। উদ্বোধনী পর্বে রবীন্দ্রসংগীতের সুরমূর্ছনা এক মায়াবী পরিবেশের সৃষ্টি করে। এরপর আমন্ত্রিত অতিথিরা কবিগুরুর জীবনদর্শন ও বর্তমান সময়ে তাঁর প্রাসঙ্গিকতা নিয়ে মূল্যবান আলোচনা করেন। বক্তাদের কণ্ঠে বারবার ধ্বনিত হয় বর্তমান অশান্ত সময়ে কবির সম্প্রীতির বার্তার গুরুত্ব।এদিন অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ‘পৃথিবীর পাঠশালা’ সাহিত্য পত্রিকার চতুর্থ সংখ্যার প্রকাশ। এছাড়া কবিকে শ্রদ্ধা জানাতে আয়োজিত কবিতা পাঠ, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান দর্শকদের মুগ্ধ করে।

প্রতিযোগিতায় কৃতিদের হাতে পুরস্কারও তুলে দেওয়া হয়।এই মহতী সভায় সভাপতিত্ব করেন বর্ষীয়ান সাহিত্যিক নিরঞ্জন বন্দ্যোপাধ্যায়। উপস্থিত ছিলেন পত্রিকার সম্পাদক তথা বিশিষ্ট কবি ও গীতিকার রমেশ হালদার।
সম্মানীয় অতিথি হিসেবে মঞ্চ অলঙ্কৃত করেন ড. শরৎচন্দ্র হালদার, ড. রতন কুমার বাড়ৈ, জহর লাল নাইয়া, মুসা আলি, ড. সুশান্ত কুমার মন্ডল, বিমলেশ হালদার, শ্রীপতি প্রামাণিক, মোহন হালদার সহ শিক্ষা ও সংস্কৃতি জগতের গুণীজনেরা। সমগ্র অনুষ্ঠানটি সুচারুভাবে সঞ্চালনা করেন বিশিষ্ট কবি ভোলানাথ হালদার। এলাকা ও সংলগ্ন অঞ্চলের বিদগ্ধ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি অনুষ্ঠানটিকে এক অনন্য উচ্চতায় পৌঁছে দেয়।

