দ্বিতীয় দফার নির্বাচনের আগে ফের ইডির আগমন! হাবরা কলকাতা বর্ধমান সহ রাজ্যের নয় জায়গায় তল্লাশি
দ্বিতীয় দফার ভোটের আগে ফের সক্রিয় ইডি। উত্তর ২৪ পরগনার হাবড়ার একাধিক জায়গায় শনিবার সকাল থেকে তল্লাশি অভিযান চলছে। স্থানীয় সূত্রে খবর, একাধিক চাল ব্যবসায়ীর বাড়িতে হানা দিয়েছে ইডি। সঙ্গে কেন্দ্রীয় বাহিনীও রয়েছে। কলকাতা এবং বর্ধমানের কিছু জায়গাতেও ইডি গিয়েছে। সব মিলিয়ে অন্তত ন’টি জায়গায় শনিবার সকাল থেকে তল্লাশি চলছে বলে খবর।
ইডি সূত্রে জানা গিয়েছে, রেশন দুর্নীতি মামলার সূত্রে এই তল্লাশি অভিযান। আর্থিক তছরুপের সূত্রেই চাল ব্যবসায়ীদের বাড়িতে গিয়েছে কেন্দ্রীয় সংস্থা। ২০২০ সালে বসিরহাট থানায় শুল্ক দফতরের এক আধিকারিক বাংলাদেশে গম পাচার সংক্রান্ত অভিযোগ জানিয়েছিলেন। সেই অভিযোগের ভিত্তিতে ইডি ইসিআইআর করে তদন্ত শুরু করেছে। এর আগে অন্তত ১৭টি জায়গায় তল্লাশি চালানো হয়েছে।

ভোরে কলকাতার সিজিও কমপ্লেক্স থেকে ইডি-র একাধিক দল রওনা দেয়। ব্যবসায়ীদের বাড়ির বাইরে বেশ কিছু ক্ষণ তাঁদের অপেক্ষা করতে হয়েছিল। দাবি, অনেক ডাকাডাকির পরেও সাড়া মেলেনি। দীর্ঘ ক্ষণ পর দরজা খোলা হয় এবং ইডি আধিকারিকেরা ভিতরে প্রবেশ করে তল্লাশি অভিযান শুরু করেন।
স্থানীয় সূত্রে দাবি, হাবড়ার ব্যবসায়ী সমীর চন্দ এবং সাগর সাহার বাড়িতে ইডি গিয়েছে। সেখানে তল্লাশি চলছে।
রাজ্যে বিধানসভা নির্বাচনের আবহে গত কয়েক সপ্তাহ ধরেই নানা মামলায় ইডি সক্রিয় হয়ে উঠেছে। কখনও বাড়ি বা অফিসে গিয়ে তল্লাশি চলছে, কখনও আবার সিজিও কমপ্লেক্সে ডেকে পাঠানো হচ্ছে সন্দেহভাজনদের। রাজ্যের শাসকদল তৃণমূল ইডি-র এই সক্রিয়তাকে কটাক্ষ করেছে। অভিযোগ, ভোটের মুখে কেন্দ্রীয় সংস্থাকে ব্যবহার করে তৃণমূলকে বিব্রত করতে চায় কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপি। তৃণমূলের একাধিক নেতা-মন্ত্রীকেও তলব করা হয়েছে। কেউ হাজিরা দিয়েছেন, কেউ নির্বাচনী প্রচারের ব্যস্ততার কথা বলে হাজিরা এড়িয়ে গিয়েছেন। এ বার হাবড়ার চাল ব্যবসায়ীরা ইডি-র নজরে।
গত ২৩ এপ্রিল প্রথম দফায় রাজ্যের ১৫২টি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ হয়ে গিয়েছে। ২৯ এপ্রিল, বুধবার রয়েছে দ্বিতীয় দফায় বাকি ১৪২টি আসনের ভোটগ্রহণ। হাবড়াতেও ভোট দ্বিতীয় দফাতেই। ভোটের ফল জানা যাবে ৪ মে।

