দেশ 

গুজরাটের পুর নির্বাচনে গেরুয়া ঝড়!

শেয়ার করুন

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের রাজ্য গুজরাতে নিরঙ্কুশ জয়ের ধারাবাহিকতা বজায় রাখল বিজেপি। ‘ভোটচুরি’ এবং ‘এসআইআর-অনিয়ম’ নিয়ে দেশজোড়়া আন্দোলনের আবহেও তিন পুরসভাতেই ৫০ শতাংশের বেশি ভোট পেয়ে জয়ী হয়েছে পদ্ম শিবির।

গাঁধীনগর পুরসভার মোট ৪৪টি ওয়ার্ডের মধ্যে বিজেপি ৩৮টি আসনে জিতেছে। কংগ্রেস ৫ এবং নির্দল প্রার্থী জিতেছেন ১টি ওয়ার্ডে। গুজরাতের রাজধানী শহরে ২০২১ সালের পুরভোটে বিজেপি ৪১টি ওয়ার্ডে জিতেছিল। সে বার কংগ্রেস ২টি ওয়ার্ডে জিতলেও তাদের আসন এ বার বেড়েছে। অন্য দিকে, গত বার ১টি ওয়ার্ডে জেতা আম আদমি পার্টি (আপ)-র ঝুলি এ বার শূন্য।

গাঁধীনগরের পাশাপাশি গত রবিবার বনাসকাঁঠা জেলার থারা পুরসভা এবং দেবভূমি দ্বারকা জেলার ওখা পুরসভাতে ভোটগ্রহণ হয়েছিল। থারা পুরসভার ২৪টি ওয়ার্ডের মধ্যে বিজেপি ১৯ এবং কংগ্রেস ৫টিতে জিতেছে। ওখার ৩২টি ওয়ার্ডের মধ্যে বিজেপি ২৯ এবং কংগ্রেস ৩টিতে। গুজরাত বিজেপির সভাপতি জগদীশ বিশ্বকর্মা জয়ের জন্য তিন পুরসভার বাসিন্দাদের শুভেচ্ছা জানিয়েছেন। প্রসঙ্গত, গাঁধীনগরে ৬০ শতাংশের কম ভোট পড়লেও থারায় ৮১ শতাংশ এবং ওখায় প্রায় ৬৪ শতাংশ ভোট পড়েছিল।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ