রবিবার ভোরের আলো ফোটার আগেই ইডি পৌঁছে গেল শান্তনু বিশ্বাসের বাড়িতে! চলছে জোরদার তল্লাশি
রবিবার সকালে ভোরের আলো ফোটার আগেই কলকাতা শহরের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে ইডি আধিকারিকরা।একদিকে বালিগঞ্জে ফার্ন রোডে ডেপুটি পুলিশ কমিশনার শান্তনু সিনহা বিশ্বাসের ফ্ল্যাটে অভিযান চালায় ইডি। অন্যদিকে, আজ সকালেই সান এন্টারপ্রাইজের ম্যানেজিং ডিরেক্টর জয় এস. কামদারের বাড়িতে হানা দেয় ইডি। কেন্দ্রীয় বাহিনী দিয়ে ঘিরে ফেলা হয় বাড়ি ও আবাসন। মোবাইল ফোন বাজেয়াপ্ত করে ২টি ঠিকানাতেই চলছে তল্লাশি।
সকাল ৬টার আগেই শান্তনু সিন্হা বিশ্বাসের বাড়িতে তল্লাশি শুরু করে ইডি। দীর্ঘদিন কালীঘাট থানার দায়িত্বে ছিলেন শান্তনু সিন্হা বিশ্বাস। বর্তমানে কলকাতা পুলিশের ডিসি পদে শান্তনু সিন্হা বিশ্বাস। এর আগেও শান্তনু সিন্হা বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ করেছে ইডি। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এর অত্যন্ত কাছের পুলিশ অফিসার হিসাবে পরিচিত এই শান্তনু বিশ্বাস।

এই আবাসনেরই ১ তলায় থাকেন, শান্তনু সিন্হা বিশ্বাস। প্রথমেই কেন্দ্রীয় বাহিনীর জওয়ান দিয়ে ঘিরে ফেলা হয় গোটা আবাসন। আবাসনের ২টি গেট বন্ধ করে দেওয়া হয়েছে। ভিতর থেকে কাউকে বাইরে আসতে দেওয়া হচ্ছে না। এমনকি বাইরে থেকেও কাউকে ভিতরে যেতে দেওয়া হচ্ছে না। পাশাপাশি, যাতে পরিবারের কেউ কারও সঙ্গে যোগাযোগ না করতে পারেন, সেই কারণেই পরিবারের সকলের মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে। চলছে জিজ্ঞাসাবাদ ও তল্লাশি। তবে এই প্রথম নয়, এর আগে, কয়লা পাচার মামলাতেও নাম জড়িয়েছিল শান্তনু সিন্হা বিশ্বাসের। তাঁকে দিল্লিতে পর্যন্ত ডেকে পাঠানো হয়েছিল। সদ্যই দেবাশীষ কুমারের বাড়িতে IT রেডের মতো ঘটনা ঘটেছিল। এরপরে আজ, রবিবাসরীয় সকালে ডেপুটি পুলিশ কমিশনারের হানা দিল ইডি।
তবে শুধু এই 3/2 ফার্ন রোডের ফ্ল্যাটেই নয়, শান্তনু সেনের আরও একটি ঠিকানায় পৌঁছে গিয়েছে ইডি। ভোর ৪টে নাগাদ ইডি আধিকারিকরা বেরিয়ে পড়েছিলেন। ফার্ন রোডে শান্তনু সিন্হা বিশ্বাসের বাড়ি থেকে ঢিল ছোঁড়া দূরত্বে রয়েছে তাঁর আরও একটি ঠিকানা। ইডি সূত্রের খবর, এই আবাসনেই ৫টি ফ্ল্যাট রয়েছে শান্তনু সিন্হা বিশ্বাসের। সোনা পাপ্পুর বাড়িতে যে তল্লাশি অভিযান চলেছিল, সেদিনই এক ব্যবসায়ী, জয় এস. কামদারের বাড়ি থেকে দেড় কোটি টাকা বাজেয়াপ্ত হয়। এই মামলার তদন্ত করতে গিয়েই উঠে আসে, শান্তনু সিন্হা বিশ্বাসের নাম। সেই কারণেই আজ শান্তনু সিন্হা বিশ্বাসের ২টি ঠিকানাতেই হান দিয়েছে ইডি।
সান এন্টারপ্রাইজের ম্যানেজিং ডিরেক্টরের বাড়িতে ইডির হানা
অন্যদিকে, ভোটের আগে ফের কলকাতায় ইডির হানা। সান এন্টারপ্রাইজের ম্যানেজিং ডিরেক্টর জয় এস. কামদারের বাড়িতে হানা ED-র। বেহালার বাড়িতে কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে হাজির এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। প্রায় ৪০ মিনিট বাইরে দাঁড়িয়ে থাকতে হয় তাঁদের। বারবার ডাকাডাকির পরও প্রথমে গেট খোলা হয়নি। পরে প্রায় সাড়ে ছ’টা নাগাদ গেট খোলা হয়।

