জেলা 

এসডিপিআই মনোনীত মহাজোট প্রার্থী মসিউর রহমানের সমর্থনে সাগরদিঘীতে জনসভা, বক্তব্য রাখলেন নওশাদ সিদ্দিকী ও জামির মোল্লা 

শেয়ার করুন

৫ মে: আসন্ন বিধানসভা নির্বাচনে সাগরদিঘী কেন্দ্রের ফলাফলের একপ্রকার পূর্বাভাস মিলল আজকের জনসভায়। সাগরদিঘী সেখদিঘী হাইস্কুল মাঠে অনুষ্ঠিত এই সভায় এসডিপিআই, বামফ্রন্ট ও আইএসএফ মহাজোট প্রার্থী মসিউর রহমানের সমর্থনে উপচে পড়া জনসমাগম সেই ইঙ্গিতই দিল। হাজার হাজার মানুষের সম্মিলিত স্লোগানে শাসক দলের বিরুদ্ধে ক্ষোভ ও পরিবর্তনের প্রত্যাশা স্পষ্ট হয়ে ওঠে।

সভায় বক্তব্য রাখতে গিয়ে আইএসএফ চেয়ারম্যান ও বিধায়ক নওশাদ সিদ্দিকী তীব্র আক্রমণ শানিয়ে বলেন, আসন্ন নির্বাচনে তৃণমূল কংগ্রেস ভরাডুবির মুখে পড়ছে। তিনি দাবি করেন, রাজ্যের স্বৈরাচারী শাসন ও দুর্নীতির অবসান ঘটাতে বামফ্রন্ট, আইএসএফ ও এসডিপিআই একত্রিত হয়ে মহাজোট গঠন করেছে। সাগরদিঘী কেন্দ্রে সেই মহাজোটের প্রার্থী হিসেবে মসিউর রহমানকে তুলে ধরে তিনি আহ্বান জানান— ২৩ এপ্রিল এসডিপিআই মনোনীত মহাজোট প্রার্থী মসিউর রহমানকে ‘খাম’ প্রতীকে ভোট দিয়ে তাঁকে বিপুল ব্যবধানে জয়ী করতে।

Advertisement

তিনি আরও আশ্বাস দেন, “মসিউর রহমান জয়ী হয়ে কোথাও চলে যাবেন না— এই দায়িত্ব আমি নিচ্ছি। তিনি মানুষের কথা বলতেই বিধানসভায় যাবেন।”

সাগরদিঘীর স্থানীয় সমস্যাগুলি তুলে ধরে এসডিপিআই-এর জাতীয় সম্পাদক তায়েদুল ইসলাম বলেন, পিডিসিএল প্রকল্পে জমি দেওয়া সত্ত্বেও স্থানীয় মানুষ তাঁদের প্রাপ্য সুবিধা থেকে বঞ্চিত। পাশাপাশি, সাগরদিঘী ব্লক স্বাস্থ্যকেন্দ্রের অব্যবস্থাপনাও তিনি তুলে ধরেন। তিনি প্রতিশ্রুতি দেন, মহাজোট প্রার্থী নির্বাচিত হলে এই সমস্যাগুলির দ্রুত সমাধান করা হবে।

এসডিপিআই-এর রাজ্য সভাপতি হাকিকুল ইসলাম রাজ্যের বর্তমান পরিস্থিতির জন্য তৃণমূল কংগ্রেসকেই দায়ী করে বলেন, ভোটার তালিকা সংক্রান্ত জটিলতা পরিকল্পিতভাবেই তৈরি করা হয়েছে। তিনি সাগরদিঘীর উন্নয়ন, পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তা এবং একটি মহিলা কলেজ প্রতিষ্ঠার দাবিতে মসিউর রহমানকে ভোট দেওয়ার আহ্বান জানান।

সভায় বক্তব্য রাখেন সিপিআই(এম)-এর জেলা সম্পাদক জামির মোল্লা-ও। তিনি তৃণমূলের “সুকৌশলী হিন্দুত্ববাদী রাজনীতি”-র বিরুদ্ধে সকল সম্প্রদায়ের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

এছাড়াও সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন সিপিআই(এম) জেলা কমিটির সদস্য জোতিরূপ ব্যানার্জী, এসডিপিআই জাতীয় কমিটির সদস্যা রুনা লাইলা এবং রাজ্য সম্পাদক মাসুদুল ইসলাম।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ