কলকাতা 

শনিবার বিকেলে কলকাতা সহ দক্ষিণবঙ্গে কালবৈশাখী সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা

শেয়ার করুন

শুক্রবার রাতের মত শনিবার কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ঝোড়ো হাওয়া বইতে পারে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে। একই পূর্বাভাস হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং নদিয়ায়। এই জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও শনিবার ঝড়বৃষ্টি হতে পারে। তবে অধিকাংশ ক্ষেত্রেই হাওয়ার বেগ থাকবে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার। জারি রয়েছে হলুদ সতর্কতা। শিলাবৃষ্টি হতে পারে উত্তর ২৪ পরগনা, নদিয়া এবং হুগলির কোনও কোনও জায়গায়।

শনিবারের পর দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টি বাড়তে পারে মঙ্গলবার। সে দিন সব জেলায় ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া এবং বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। সমুদ্রে মাঝেমধ্যেই ঝোড়ো হাওয়া বইছে। দমকা হাওয়ার বেগ পৌঁছে যাচ্ছে ঘণ্টায় ৬০ কিলোমিটারেও। শনিবার পর্যন্ত তাই উত্তর ওড়িশা এবং সংলগ্ন পশ্চিমবঙ্গের উপকূলে মৎস্যজীবীদের না-যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। ঝড়বৃষ্টির কারণে দক্ষিণবঙ্গে আগামী দু’দিনে দিনের তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি কমবে। তার পর ধীরে ধীরে বাড়বে তিন থেকে পাঁচ ডিগ্রি পর্যন্ত।

Advertisement

শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত টানা ঝড়বৃষ্টি চলবে উত্তরবঙ্গে। জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারের কিছু অংশে বিক্ষিপ্ত ভাবে ভারী বর্ষণ (৭ থেকে ১১ সেন্টিমিটার) হতে পারে। বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঝোড়ো হাওয়ার বেগ থাকতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার। আপাতত দু’দিন তাপমাত্রা কিছুটা কমে ফের উত্তরবঙ্গের পারদও ঊর্ধ্বমুখী হবে।

শনিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২০.২ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ৪.৪ ডিগ্রি কম। শুক্রবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৭ ডিগ্রি সেলসিয়াস।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ