কলকাতা 

আরজি কর হাসপাতালে দুর্নীতি মামলায় ইডির প্রথম চার্জশিট পেশ আদালতে

শেয়ার করুন

আরজি কর হাসপাতালে দুর্নীতি মামলায় শুক্রবার বিচার ভবনে প্রথম চার্জশিট দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। ইডি সূত্রে খবর, সেই চার্জশিটে নাম রয়েছে আরজি কর হাসপাতাল এবং মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ, বিপ্লব সিংহ, সুমন হাজরা। এর আগে এই মামলায় চার্জশিট দিয়েছে সিবিআই। ওই মামলায় সন্দীপ-সহ তিন জন এখন জেলে রয়েছেন।

এর আগে ইডি-কে জেলে গিয়ে সন্দীপদের জেরা করার অনুমতি দিয়েছিল আদালত। বিচার ভবন জানিয়েছিল, জেল কর্তৃপক্ষের উপস্থিতিতে ইডির তদন্তকারী আধিকারিক সন্দীপদের প্রশ্ন করবেন।

Advertisement

আরজি করে আর্থিক দুর্নীতির অভিযোগে হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপকে গ্রেফতার করেছিল সিবিআই। তিনি এখন প্রেসিডেন্সি সংশোধনাগারে বিচারবিভাগীয় হেফাজতে রয়েছেন। সিবিআইয়ের সেই মামলায় বিচারপ্রক্রিয়া চলছে। তার মধ্যে চার্জশিট দিল ইডি। বিপ্লব এবং সুমনকেও এই মামলাতেই গ্রেফতার করেছিল সিবিআই। তাঁরা দু’জনেই ব্যবসায়ী ছিলেন। সিবিআই সূত্রে জানা গিয়েছে, আরজি কর হাসপাতালে চিকিৎসা সংক্রান্ত সরঞ্জাম সরবরাহ করত বিপ্লবের ‘মা তারা ট্রেডার্স’। অভিযোগ, টেন্ডার প্রক্রিয়ায় অংশগ্রহণ না-করেই বরাত পেতেন ওই ব্যবসায়ী। সুমনের বিরুদ্ধেও সে রকমই অভিযোগ উঠেছিল।

সিবিআইয়ের করা আর্থিক দুর্নীতি মামলাতেই শুক্রবার আখতার আলির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করতে বলেছে আলিপুর আদালত। আরজি কর হাসপাতালের আর্থিক দুর্নীতি নিয়ে প্রথম মুখ খুলেছিলেন তিনিই।

আরজি কর হাসপাতালে কর্তব্যরত মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের মামলায় তদন্তের সূত্র ধরেই উঠে এসেছিল আর্থিক দুর্নীতির অভিযোগও। দু’টি মামলায় সমান্তরাল তদন্ত চালিয়েছে সিবিআই। উভয় ক্ষেত্রেই সন্দীপকে গ্রেফতার করা হয়েছিল।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ