নিউ টাউনে ট্রাফিক সার্জেন্টকে হেলমেট দিয়ে মারধর, গ্রেফতার ৩ যুবক, তিনজনই শিক্ষক!
এস রোজলিন: কলকাতা: নেশাগ্রস্ত অবস্থায় বেপরোয়া ভাবে বাইক চালানোকে কেন্দ্র করে বচসা। তার জেরেই কর্তব্যরত ট্রাফিক সার্জেন্টকে মারধরের অভিযোগ উঠল তিন যুবকের বিরুদ্ধে। এমনকী হেলমেট দিয়ে মাথায় আঘাত করা হয় বলেও অভিযোগ। এই ঘটনায় অভিযুক্তদের গ্রেফতার করেছে ইকো পার্ক থানার পুলিশ। ধৃত তিনজনই পেশায় শিক্ষক।
পুলিশ সূত্রে খবর, বুধবার রাতে নিউ টাউনের নপাড়া এলাকায় মত্ত অবস্থায় একটি বাইকে করে যাচ্ছিলেন তিন যুবক। অভিযোগ, তাঁরা রাস্তার উল্টো দিক দিয়ে যাওয়ার সময়ে একটি অ্যাপ ক্যাবকে ধাক্কা মারেন। এর পরে ক্যাব চালকের সঙ্গে তিন যুবকের বচসা শুরু হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন কর্তব্যরত ট্রাফিক সার্জেন্ট। কিন্তু অভিযোগ, ওই পুলিশকর্মীর সঙ্গেও তর্কে জড়িয়ে পড়েন তিন যুবক। বচসা চলাকালীন ট্রাফিক সার্জেন্টকে রাস্তায় ফেলে মারধর করা হয়। এমনকী হেলমেট দিয়ে তাঁর মাথায় আঘাতও করা হয় বলে অভিযোগ।
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ইকো পার্ক থানার পুলিশ। সেখান থেকেই তিন জনকে গ্রেফতার করা হয়। ধৃতদের নাম মনমোহন বেহেরা, নীতীশকুমার সাউ এবং শুভজিৎ চক্রবর্তী। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মনমোহন ও নীতীশের বাড়ি ওডিশায়। অন্য দিকে, শুভজিৎ উত্তর দিনাজপুরের রায়গঞ্জের বাসিন্দা। কর্মসূত্রে তিনজনই নিউ টাউন এলাকায় থাকতেন। তাঁরা একটি বেসরকারি স্কুলে শিক্ষকতা করেন বলে জানা গিয়েছে। ধৃতদের শারীরিক পরীক্ষাও করানো হয়।

