কসবায় পরিত্যক্ত অডি গাড়ি থেকে উদ্ধার পচাগলা দেহ, খুন নাকি দুর্ঘটনা? ধোঁয়াশায় পুলিশ
এস রোজলিন: কলকাতা: কসবায় বিলাসবহুল অডি গাড়ি থেকে উদ্ধার হল একটি পচাগলা দেহ। রাস্তার ধারের একটি অস্থায়ী গ্যারেজে দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল গাড়িটি। স্থানীয়রা জানিয়েছেন, অক্টোবর মাস থেকেই এলাকায় দুর্গন্ধ পাওয়া যাচ্ছিল। বৃহস্পতিবার দুপুরে দুর্গন্ধ তীব্র হওয়ায় তাঁরা পুলিশে খবর দেন। তাঁদের দাবি ছিল, গাড়িটি থেকেই দুর্গন্ধ বের হচ্ছে। এরপর পুলিশ এসে গাড়ি থেকে দেহটি উদ্ধার করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে খবর পেয়ে ঘটনাস্থলে আসেন তদন্তকারীরা। গাড়ির ৪টি গেটের মধ্যে ৩টি গেটের দরজা খোলা অবস্থায় ছিল। একটি গেটের দরজা লক ছিল। চারটি গেটের কাচই বন্ধ ছিল। স্থানীয়দের অনুমান, মৃত ব্যক্তি একজন ভবঘুরে। এলাকায় মাঝে মাঝে দেখা যেত তাঁকে। গত কয়েকদিন ধরে তাঁকে দেখা যাচ্ছিল না। তিনিই গাড়ির দরজা খোলা পেয়ে সেখানে ঢুকে থাকতে পারেন।
কীভাবে এই মৃত্যুর ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে পুলিশ। তাঁর গায়ে কোনও আঘাতের চিহ্ন রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। গাড়ির সব কাচ বন্ধ ছিল। তাই দমবন্ধ হয়ে মৃত্যুর বিষয়টিও উড়িয়ে দিচ্ছেন না তদন্তকারীরা।
মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর আসল কারণ জানা যাবে। এটি খুনের ঘটনা কি না তা-ও তদন্ত করে দেখা হচ্ছে।
এলাকায় ফরেনসিক বিশেষজ্ঞরা এসে নমুনা সংগ্রহ করেছেন। গাড়ির মালিকের পরিবারকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কবে থেকে গাড়িটি গ্যারেজে পড়েছিল তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। তাঁদের অনুমান, অক্টোবর মাসেই মৃত্যুর ঘটনা ঘটতে পারে। সেক্ষেত্রে ওই ব্যক্তিকে খুন করে পরিত্যক্ত গাড়িতে ফেলে রাখা হল নাকি তিনি নিজেই সেখানে ঢুকেছিলেন তা তদন্ত করে দেখছে পুলিশ।

