দিল্লির করোলবাগের বাজারে ভয়াবহ আগুন! ঘটনাস্থলে দমকলের ২২ ইঞ্জিন
দিল্লির করোলবাগের বাজারে ভয়াবহ আগুন! মধ্যরাতের এই অগ্নিকাণ্ডের পর আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি। কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে আশপাশের এলাকা। শুক্রবার সকালেও ঘটনাস্থলে কাজ করছে দমকলের অন্তত ২২টি ইঞ্জিন।
বৃহস্পতিবার রাত দেড়টা নাগাদ করোলবাগ এলাকার গফ্ফর মার্কেটের পুরী প্লাজা বহুতলের একটি দোকানে আগুন লাগে। তার পর দ্রুত আগুন ছড়িয়ে পড়ে আশপাশের দোকানগুলিতেও। চারতলা ওই বাড়িতে মূলত মোবাইল এবং মোবাইলের সামগ্রী বিক্রির একাধিক দোকান রয়েছে।
দমকল সূত্রে খবর, রাত ১টা ২৮ মিনিটে তাদের কাছে আগুন লাগার খবর যায়। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছোয় ২০টিরও বেশি ইঞ্জিন। পাঠানো হয় দু’টি অ্যাম্বুল্যান্সও। তবে মধ্যরাতে আগুন লাগায়, ওই দোকানঘরের ভিতরে কেউ ছিলেন। আপাতত অগ্নিকাণ্ডের জেরে কারও হতাহত হওয়ার খবর নেই। তবে বহুতলটি ক্ষতিগ্রস্ত হয়েছে।
কী কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনা, তা এখনও স্পষ্ট নয়। তবে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, একতলার যে দোকানে প্রথমে আগুন লাগে, সেখান ব্যাটারি গরম হয়ে গিয়ে ফেটে যায়। তার পর আগুন ভবনের অন্য তলাগুলিতেও ছড়িয়ে পড়ে। আগুন লাগার কারণ সম্পর্কে নিশ্চিত হতে তদন্ত করবে দমকল। নমুনা সংগ্রহ করবেন ফরেন্সিক দলের সদস্যেরাও।

