শিক্ষা ও প্রশিক্ষণ নিয়ে সন্তোষপুরে শিক্ষক-সভা
বিশেষ প্রতিনিধি : রবিবার সন্তোষপুরে কলকাতা এডুকেশনাল অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে আল আমিন মিশন, পাঁচুড়, গার্লস সেকশনে স্থানীয় বেশ কয়েকটি বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের নিয়ে শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনার মুখ্য বিষয় ছিল প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন এবং মাধ্যমিক পর্যায়ের ছাত্র-ছাত্রীদের উৎকর্ষতা প্রদান। প্রাথমিক শিক্ষায় মান উন্নয়ন করা নিয়ে বিশদে আলোচনা করেন বিশিষ্ট শিক্ষাবিদ ও প্রশাসক এ দিনের মুখ্য অতিথি দিব্য গোপাল ঘটক। প্রাথমিক শিক্ষার উপর বিশেষ গুরুত্ব দিয়ে এই উদ্যোগ নেয়ার জন্য তিনি কর্তৃপক্ষকে অভিনন্দন জানিয়ে বলেন এ ব্যাপারে সব থেকে প্রথম এগিয়ে আসতে হবে শিক্ষক-শিক্ষিকাদের এবং অবশ্যই সঙ্গে নিতে হবে অভিভাবকদের। বৈজ্ঞানিক পদ্ধতিতে শিশুদের নিয়ে এগিয়ে যেতে পারলে, ওরা আবিষ্কারের আনন্দ পাবে, সঙ্গে সঙ্গে পড়াশোনায় আরো উৎসাহ পাবে। দক্ষিণ দিনাজপুরের বেস আন-নূর মডেল স্কুলের প্রতিষ্ঠাতা সম্পাদক খাদিমুল ইসলাম বলেন, এই পদ্ধতি অনুসরণ করে তাদের উচ্চ বিদ্যালয়ের সঙ্গে প্রাথমিক বিদ্যালয় এক বছরের মধ্যে বেশ খানিকটা অগ্রসর হতে পেরেছে।
অনুসন্ধান সোসাইটির সম্পাদক বিশিষ্ট গণিত শিক্ষক গৌরাঙ্গ সরখেল বলেন কলকাতা এডুকেশনাল অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্টের এই ধরনের শিক্ষামূলক কাজে সব সময় হাত বাড়িয়ে দিতে তাঁরা প্রস্তুত। মাধ্যমিক পর্যায়ে টপার্স প্রোগ্রামে নিয়ে বিস্তারিত আলোচনা করতে গিয়ে তিনি বলেন, এ বিষয়ে বছরভর কর্মসূচি নেওয়া যেতে পারে। মাধ্যমিকের ফলাফল সুন্দর হলে নিচু ক্লাসের ছাত্র-ছাত্রীরাও অনুপ্রাণিত হবে এবং শিক্ষা মানচিত্রে বিদ্যালয়ের স্থান ঊর্ধ্বগতি মুখী হবে।

এদিন সভায় পৌরোহিত্য করেন বিশিষ্ট চিন্তাবিদ ও অবসরপ্রাপ্ত আইপিএস মেহবুব রহমান। তিনি বলেন তুলনামূলকভাবে আমাদের এই বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা বেশ আন্তরিক ও সচেতন, ফলে পড়াশোনার মান অনেকটাই ভালো। তবে এটা আরো সুন্দরতর করে তুলতে হবে এবং এই উদ্যোগ আগামী দিনের পড়াশোনাকে নিশ্চয়ই উজ্জ্বলতর করতে সক্ষম হবে। এদিন অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষক মহম্মদ মহসীন, নায়ীমুল হক। এছাড়াও বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন আলমগীর ফকির, শাহজাহান আলী মোল্লা, শাহনওয়াজ আলি মোল্লা, মোঃ আলী হালদার প্রমূখ।

