প্রয়াত সত্যপাল মালিক !
জম্মু ও কাশ্মীর রাজ্যের শেষ রাজ্যপাল সত্যপাল মালিক প্রয়াত। দীর্ঘ দিন ধরে ভুগছিলেন তিনি। মঙ্গলবার দুপুর ১টার সময়ে দিল্লির রামমনোহর লোহিয়া হাসপাতালে তাঁর মৃত্যু হয়েছে। সত্যপালের বয়স হয়েছিল ৭৯ বছর। প্রসঙ্গত, তিনি জম্মু ও কাশ্মীর রাজ্যের রাজ্যপাল থাকার সময়েই ৩৭০ অনুচ্ছেদ রদ করে নরেন্দ্র মোদী সরকার। বিশেষ ক্ষমতা প্রত্যাহার করা হয় জম্মু ও কাশ্মীরের। রাজ্যের তকমাও হারায়। ২০১৯ সালের ৫ অগস্ট সেই পদক্ষেপ করেছিল কেন্দ্রীয় সরকার। ঘটনাচক্রে, ছ’বছর পরে ৫ অগস্ট মৃত্যু হল সত্যপালের। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
২০১৮ সালের অগস্ট থেকে ২০১৯ সালের অক্টোবর পর্যন্ত জম্মু ও কাশ্মীরের রাজ্যপাল ছিলেন সত্যপাল। তাঁর আমলেই জম্মু ও কাশ্মীরের বিশেষ ক্ষমতা প্রত্যাহার করে কেন্দ্র। সে সময় সত্যপাল জানিয়েছিলেন, তিনি কেন্দ্রের এই সিদ্ধান্তের বিষয়ে কিছু জানতেন না। সংবাদমাধ্যম ‘দ্য ওয়্যার’-কে একটি সাক্ষাৎকার দিয়ে তিনি দাবি করেছিলেন, কেন্দ্রীয় সরকার তাঁকে এ বিষয়ে কিছু জানায়নি। যদিও পরে একটি সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দিয়ে তিনি ৩৭০ অনুচ্ছেদ প্রত্যাহারের ‘কৃতিত্ব’ দাবি করেছিলেন। সেই নিয়ে তৈরি হয়েছিল বিতর্ক।
সত্যপাল ছিলেন তিন বারের সাংসদ। কেন্দ্রীয় প্রতিমন্ত্রীও ছিলেন তিনি। ২০১৭ সালে কম সময়ের জন্য তিনি বিহারের রাজ্যপাল হয়েছিলেন। ২০১৮ সালে ওড়িশার রাজ্যপাল হিসাবে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়। জম্মু ও কাশ্মীরের রাজ্যপাল পদ সামলানোর পরে গোয়া এবং তার পরে মেঘালয়ের রাজ্যপাল হয়েছিলেন তিনি।

