দেশ 

বিহারের মোকামার বিধায়ক অনন্ত সিংহের জামিন বাতিল করে আত্মসমর্পণের নির্দেশ সুপ্রিম কোর্টের!

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : বিহারের মোকামার বিধায়ক অনন্ত সিংহকে জামিন দিয়েছিল পটনা হাই কোর্ট। তাদের সিদ্ধান্তের সমালোচনা করে জামিন বাতিল করে দিল সুপ্রিম কোর্ট। ১ ডিসেম্বরের মধ্যে অনন্তকে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে তাঁর মামলায় তদন্ত শেষ করার জন্য পুলিশকেও সময় বেঁধে দিয়েছে শীর্ষ আদালত।

অনন্তের বিরুদ্ধে তাঁর রাজনৈতিক প্রতিপক্ষকে খুনের অভিযোগ রয়েছে। ২০২৫ সালে মোকামা থেকে জেডিইউয়ের টিকিটে ভোটে দাঁড়িয়েছিলেন তিনি। সেই সময় তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থীর হয়ে প্রচাররত জনৈক নেতা দুলারচন্দ্র যাদব খুন হন। জন সুরাজ পার্টির প্রার্থীর হয়ে প্রচার করছিলেন দুলার। তাঁর অনুগামীদের সঙ্গে রাস্তার মধ্যে বচসায় জড়িয়ে পড়েছিলেন অনন্তের অনুগামীরা। অভিযোগ কনভয় থামিয়ে অনন্ত নিজে গাড়ি থেকে নামেন। দুলারকে তাঁর গাড়ি থেকে নামিয়ে প্রথমে পায়ে গুলি করা হয়। তার পর বেধড়ক মারধর করে গাড়ি চাপা দিয়ে খুন করা হয়। ওই ঘটনার পরেই অনন্তকে গ্রেফতার করা হয়েছিল। জেলে বসে ভোটে জেতেন তিনি। সেই ঘটনায় সম্প্রতি জামিন পেলেও সুপ্রিম কোর্ট তা বাতিল করে দিল।

শীর্ষ আদালতের বিচারপতি এমএম সুন্দরেশ এবং পিভি বরালের পর্যবেক্ষণ, অনন্তের জামিনের সিদ্ধান্ত সঠিক নয়। ওই সিদ্ধান্ত নেওয়ার সময় পটনা হাই কোর্ট তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের গুরুত্ব সঠিক ভাবে অনুধাবন করেনি। তা ছাড়া, অনন্তের অপরাধের অতীত বিবেচনা করা দরকার ছিল। চার মাসের মধ্যে পুলিশকে এই সংক্রান্ত তদন্ত শেষ করতে বলেছে আদালত।

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ