ঘূর্ণিঝড় ‘অ্যাকভান’ এর প্রভাবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা!
বাংলার জনরব ডেস্ক : ঘূর্ণিঝড় ‘অ্যাকভান’ উপকূলের দিকে যত এগোচ্ছে, বৃষ্টির পরিমাণ তত বাড়ছে। তার প্রভাব পড়ছে পশ্চিমবঙ্গেও। আবহাওয়া দফতর জানিয়েছে, শুক্রবার থেকে দুর্যোগ বাড়বে। দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার সকাল থেকেই বৃষ্টি হচ্ছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায়। হালকা থেকে মাঝারি বৃষ্টি। তবে এই বৃষ্টির পরিমাণ আরও বাড়বে বলে পূর্বাভাস।
আবহাওয়া দফতরের বুলেটিন অনুযায়ী, শুক্রবার দুপুরের দিকে এটি অন্ধ্রপ্রদেশের নারসাপুর এবং ওড়িশার পুরীর মাঝে ঘণ্টায় ৯০-১০০ কিলোমিটার বেগে আছড়ে পড়তে পারে। সর্বাধিক গতিবেগ হতে পারে ঘণ্টায় ১১০ কিলোমিটার। বর্তমানে ঘূর্ণিঝড়টি পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের উপর দিয়ে উত্তর দিকে ঘণ্টায় ১২ কিলোমিটার গতিতে অগ্রসর হচ্ছে। ঘূর্ণিঝড়টি অন্ধ্রপ্রদেশের নারসাপুর থেকে ৪৪০কিমি পূর্ব ও দক্ষিণ-পূর্বে, চেন্নাই থেকে ৫৮০ কিমি পূর্ব ও উত্তর-পূর্বে, ওড়িশার গোপালপুর থেকে ৫৩০ কিমি পূর্বে এবং পুরী থেকে ৫৯০ কিমি দক্ষিণে।
বৃহস্পতিবার হাওড়া, হুগলি, কলকাতা উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। তবে বাকি জেলাগুলির আবহাওয়া শুকনোই থাকবে। আবহাওয়া দফতর জানিয়েছে, শুক্রবার থেকে উপকূলবর্তী জেলাগুলিতে ঝোড়ো হাওয়ার সঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে। অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে। ওই দিন ভারী বৃষ্টি হতে পারে হাওড়া, হুগলি, কলকাতা, উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে। অন্য দিকে, দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

