কলকাতা 

হাই কোর্টে রক্ষাকবচের আবেদন খারিজ, আরো বিপাকে অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায়!

শেয়ার করুন

আইনি জটে আরও বিপদে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়। একটি মাত্র মামলা ছাড়াও আর কোনও মামলায় আইনি রক্ষাকবচ মিলল না। বৃহস্পতিবার কলকাতা হাই কোর্টের শুনানিতে সুমিতের আর্জি খারিজ করে দেওয়া হল। আগেই শালবনি জমি দুর্নীতি মামলায় তাঁকে রক্ষাকবচ দেওয়া হয়েছিল। কিন্তু তা বাদে বাকি যে চারটি মামলায় সুমিতকে ‘শোন অ্যারেস্ট’ দেখানো হয়েছে, তাতে আর আগাম অন্তর্বর্তী জামিন পেলেন না অভিষেকের আপ্ত সহায়ক।

সর্বপ্রথম শালবনি জমি দুর্নীতি মামলায় গ্রেফতার হন সুমিত রায়। এরপর আরও অন্তত চারটি বিভিন্ন মামলায় তাঁকে ‘শোন অ্যারেস্ট’ দেখায় রাজ্যের তদন্তকারী সংস্থা। আপাতত তিনি সিআইডি হেফাজতে রয়েছে। এরই মাঝে আইনি রক্ষাকবচ চেয়ে সুমিত হাই কোর্টের দ্বারস্থ হন। তাঁর আর্জি ছিল মূলত দুটি। প্রথমত, নতুন করে কোনও ফৌজদারি মামলা যাতে দায়ের না হয়, তার আবেদন ছিল সুমিতের। দ্বিতীয় আবেদনটি ছিল, যেসব মামলায় গ্রেফতার করা হয়েছে, তাতে খুব কঠোর ব্যবস্থা যাতে না নেওয়া হয়। বৃহস্পতিবার এই মামলার শুনানি হয় বিচারপতি সৌগত ভট্টাচার্যর এজলাসে। সুমিতের আইনজীবী সওয়াল করেন, তাঁর মক্কেলের বিরুদ্ধে যেসব মামলা চলছে, তার ৬ অথবা ৮ বছরের পুরনো, এখন আর প্রাসঙ্গিক নয়। তাই তাতে রক্ষাকবচ দেওয়া হোক। কিন্তু সেই আবেদন খারিজ করে দেন বিচারপতি সৌগত ভট্টাচার্য।

হাই কোর্টের এই নির্দেশ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডলে পোস্ট করে তাঁর প্রতিক্রিয়া, ‘বিচারব্যবস্থা শাসকদলের পক্ষে এবং বিরোধীদের বিপক্ষে কাজ করতে পারে না। মনে হচ্ছে, যে কোনও আইনি স্বস্তি পাবেন শুধুমাত্র বিজেপির লোকজন এবং বিরোধীদের বরাবর আইনের সাহায্য পেতে লড়ে যেতে হবে। এটা কি সংবিধান অনুযায়ী কাজ?’


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ