মেডিকেল কলেজে তান্ডব সৃষ্টিকারী ইন্টার্নদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর
কলকাতা মেডিক্যাল কলেজে অশান্তির প্রেক্ষিতে তৎপর স্বাস্থ্য ভবন। স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের হুঁশিয়ারি, পরিষেবা বন্ধ করে আন্দোলন করা চলবে না। আইন ভাঙলে রেজিস্ট্রেশন বাতিল করে দেওয়া হবে। যাঁরা মেডিক্যাল কলেজে ‘তাণ্ডব’ চালিয়েছেন, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।
বৃহস্পতিবার দুপুরে মেডিক্যাল কলেজের এমএসভিপি (মেডিক্যাল সুপারিনটেনডেন্ট কাম ভাইস প্রিন্সিপাল) ইন্দ্রনীল চট্টোপাধ্যায়কে স্বাস্থ্য ভবনে ডেকে পাঠান স্বাস্থ্যমন্ত্রী। স্বাস্থ্য ভবনের গ্রিন রুমে এমএসভিপির সঙ্গে বৈঠক করেন তিনি। ওই বৈঠকে হাজির ছিলেন স্বাস্থ্য-শিক্ষা অধিকর্তা (ডিএমই) ইন্দ্রজিৎ সাহা এবং স্বাস্থ্য অধিকর্তা স্বপন সোরেনও। এর পর সাংবাদিক বৈঠকও করেন স্বাস্থ্যমন্ত্রী।
শারদ্বত সেই বৈঠকে জানান, মেডিক্যাল কলেজে ১০-১৫ জন ‘মানসিক মাওবাদী’ তাণ্ডব করে। ক্যামেরা দেখে তাঁদের চিহ্নিত করা হয়েছে। তাঁরা ইন্টার্ন। তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। স্বাস্থ্যমন্ত্রীর হুঁশিয়ারি, পরিষেবা বন্ধ করে আন্দোলন করা চলবে না। আইন ভাঙলে রেজিস্ট্রেশন বাতিল করা হবে। তাঁর কথায়, ‘‘মেজিক্যাল কলেজে রাজনীতি করা চলবে না। ডিএসও হামলা চালিয়েছে। অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়ে অধ্যক্ষকে। এঁরা মানসিক ভাবে মাওবাদী। নকশালরা হাসপাতালে অরাজকতা চায়। পাথর ছোড়া হয়েছে। গায়ে হাত তোলা হয়েছে।’’
দিবাকর হালদার (এমএসভিপি, স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন), সোমনাথ দে (বিভাগীয় প্রধান, অ্যানাস্থেসিওলজি, কলকাতা মেডিক্যাল কলেজ) এবং দীপঙ্কর রায় (গ্যাস্ট্রোএনটারোলজি, কলকাতা মেডিক্যাল কলেজ)-এর নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করেছে স্বাস্থ্য ভবন। শুক্রবার এই কমিটি প্রথম বৈঠক করবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। পাশাপাশি তিনি বলেন, ‘‘বহিরাগত যাঁরা হামলা করেছেন, তাঁদেরও চিহ্নিত করতে বলা হয়েছে। তদন্ত কমিটি প্রয়োজন মনে করলে কলকাতা পুলিশের ডিসি (সেন্ট্রাল)-র সাহায্য নেবে।’’
তবে এ দিন স্বাস্থ্য ভবনে দেখা যায়নি মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ইন্দ্রনীল বিশ্বাসকে। এমএসভিপি জানিয়েছেন, অসুস্থতার কারণে অধ্যক্ষ ছুটিতে রয়েছেন। তাঁর পরিবর্তে আপাতত অধ্যক্ষের কার্যালয়ের দায়িত্ব সামলাচ্ছেন ডিন অরূপ চক্রবর্তী।
মেডিক্যাল কলেজ সূত্রে খবর, বুধবার রাতে হাসপাতাল চত্বর ছাড়ার আগে পুলিশের কাছে একটি লিখিত অভিযোগ জানান অধ্যক্ষ ইন্দ্রনীল। সাদা কাগজে লেখা ওই অভিযোগে তিনি জানান, ঘেরাও চলাকালীন একদল বহিরাগত মেডিক্যাল কলেজের ভিতরে ঢুকে ভাঙচুর চালিয়েছে। এই অশান্ত পরিস্থিতির মধ্যেই অধ্যক্ষের আচমকা ছুটি নেওয়া ঘিরে নানা জল্পনা তৈরি হয়েছে। অন্য দিকে, বুধবারের ঘটনায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করেছে পুলিশ।
স্বাস্থ্যমন্ত্রী বুধবারের ঘটনা নিয়ে সরব হয়েছেন। তিনি বলেন, ‘‘সিসিটিভির ফুটেজ রয়েছে। সেখানে দেখা গিয়েছে, ভিতরে অকথ্য ভাষায় গালিগালাজ চলছে। অধ্যক্ষ, উপাধ্যক্ষ, বিভাগীয় প্রধানদের সঙ্গে খুব খারাপ ব্যবহার করা হয়েছে। বলেছে, চামড়া গুটিয়ে নেব!’’

