দেশ 

যমুনা নদীর দূষণ নিয়ে কেন্দ্র ও রাজ্য সরকার গুলিকে কড়া বার্তা দিল সুপ্রিম কোর্ট!

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : যমুনার দূষণ নিয়ে রাজ্য, জেলা এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে কড়া বার্তা দিল সুপ্রিম কোর্ট। নদী যাতে কোনও ভাবে দূষিত না হয় তা নজর রাখতে হবে রাজ্য, জেলা প্রশাসন এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে। যদি দূষণ ঠেকাতে ব্যর্থ হয়, তা হলে তার দায় নিতে হবে তাদের। শুধু তা-ই নয়, করা হবে জরিমানাও। সোমবার যমুনার দূষণ নিয়ে এক শুনানিতে এমনই বার্তা দিয়েছে সুপ্রিম কোর্টের বিচারপতি মনোজ মিশ্র এবং বিচারপতি মনমোহনের ডিভিশন বেঞ্চ।

কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ড (সিপিসিবি)-কে এই মর্মে প্রস্তাব দেওয়া হয়েছে যে, দূষণ ঠেকাতে ব্যর্থ হলে রাজ্য, জেলা এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে কত জরিমানা দিতে হবে, তার একটা হিসাব দিতে। আদালতের আরও বার্তা, যাঁদের বিরুদ্ধে নদী দূষণের অভিযোগ উঠবে, তাঁদের কাছ থেকে জরিমানা আদায় করতে পারবে। আর এ ক্ষেত্রে নিজের কর্তব্যে কোনও সরকারি আধিকারিকের যদি গাফিলতি নজরে আসে, তা হলে তাঁকে দায়িত্ব থেকে সরিয়ে দিতে হবে। পাশাপাশি, সংশ্লিষ্ট ওই আধিকারিকের বিরুদ্ধে তদন্ত করতে হবে।

শীর্ষ আদালতের নির্দেশ, যে সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল দিয়ে যমুনা বয়ে যাচ্ছে, সেই সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল নদীর জলের গুণমানের উপর নজরদারি চালাবে। নদীতে যাতে কোনও রকম অশোধিত বর্জ্যজল না পড়ে তার ব্যবস্থা করতে হবে। আদালতের প্রশ্ন, নদীর জল পরিষ্কার রাখতে যে পরিমাণ টাকা খরচ করা হচ্ছে, তার পরেও কী ভাবে দূষণ বাড়ছে? যমুনাকে বাঁচানোর এবং এটিকে পরিষ্কার রাখার দায়িত্ব সংশ্লিষ্ট রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির। শুধুমাত্র নিজের এলাকায় যমুনাকে দূষণমুক্ত করব— এই চিন্তা থেকে বেরিয়ে এসে সকলে মিলে একসঙ্গে এই নদীকে বাঁচানোর চেষ্টা করতে হবে বলে বার্তা আদালতের। উল্লেখ্য, যমুনা প্রবাহিত উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, হরিয়ানা, দিল্লি এবং উত্তরপ্রদেশ হয়ে গঙ্গায় মিশেছে।

পরিবেশবিদদের মতে, দিল্লিতে প্রবেশের পরেই যমুনা আরও দূষিত হচ্ছে। আর তার নেপথ্যে রয়েছে কলকারখানা থেকে নিঃসৃত দূষিত পদার্থ, নিকাশির জল। বিশেষত চামড়া কারখানার রাসায়নিক বর্জ্য আরও দূষিত করে।

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ