জেলা 

কোচবিহারে শুভেন্দুর কনভয় লক্ষ্য করে হামলা!

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : কোচবিহার সফরে গিয়ে আক্রান্ত হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দুর গাড়িতে ভাঙচুর চালানো হয়। শুধু তা-ই নয়, তাঁর কনভয়ে থাকা একটি পুলিশের গাড়ির উপর হামলা চালানো হয়। সেই গাড়ির কাচ ভেঙেছে।

বিজেপি বিধায়কদের উপর হামলার ঘটনা নিয়ে মঙ্গলবার কোচবিহারের পুলিশ সুপারের সঙ্গে দেখা করার কথা ছিল শুভেন্দুর। সেইমতো তিনি কলকাতা থেকে বিমানে বাগডোগরায় পৌঁছোন। তার পর তাঁর কনভয় রওনা দেয় কোচবিহারের দিকে। বেলা ১২টা ৩৫ মিনিট নাগাদ তাঁর কনভয় কোচবিহারের খাগড়াবাড়ি এলাকায় পৌঁছোতেই বিশৃঙ্খলা সৃষ্টি হয় বলে জানা যায়।

Advertisement

মঙ্গলবার কোচবিহারের পুলিশ সুপারের অফিস ঘেরাওয়ের কর্মসূচি ছিল বিজেপির। সেই কর্মসূচিতে যোগ দিতেই কোচবিহারে যান শুভেন্দু। তাঁর কনভয় খাগড়াবাড়ি চৌপতিতে পৌঁছোতেই পরিস্থিতি বদলে যায়। ওই এলাকায় আগে থেকেই বেশ কিছু লোক জমায়েত করে ছিলেন। তাঁদের হাতে ছিল তৃণমূলের পতাকা। কারও কারও হাতে আবার কালো পতাকাও। শুভেন্দুর কনভয় খাগড়াবাড়ি চৌপতিতে পৌঁছোতেই তাঁরা বিক্ষোভ দেখাতে শুরু করেন। ওঠে ‘গো ব্যাক’ স্লোগানও। অভিযোগ, সেই সময়েই ওই জমায়েত থেকে শুভেন্দুর গাড়ি লক্ষ্য করে জুতো ছোড়া হয়। শুধু তা-ই নয়, দলীয় পতাকার লাঠি দিয়ে গাড়ির কাচ ভাঙা হয়। তবে এই হামলার ঘটনায় কেউ আহত হয়েছেন কি না, তা এখনও জানা যায়নি।

শুভেন্দুর কনভয়ে হামলার ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতর। বালুরঘাটের সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার নিরাপত্তা গাফিলতির অভিযোগ তুলেছেন। তাঁর দাবি, শুভেন্দুর কর্মসূচি পূর্বঘোষিত। তিনি যে কোচবিহার যাবেন, তা-ও আগে থেকেই জানা ছিল। তা হলে কেন পুলিশ সেইমতো নিরাপত্তার ব্যবস্থা করল না? কেন সেই এলাকায় তৃণমূলের বিক্ষোভের অনুমতি দিল পুলিশ? কী ভাবে একদল তৃণমূল কর্মী নিরাপত্তার বেড়াজাল ভেঙে শুভেন্দুর কনভয়ের কাছে পৌঁছে গেলেন? শুভেন্দু এবং বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে পাল্টা সুর চড়িয়েছেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ। তিনি জানান, বিজেপি বাংলা ভাষা বিরোধী। তারা যেখানে যেখানে যাবে, সেখানে সেখানে বিক্ষোভ দেখানো হবে। শুভেন্দুর কনভয়ে গাড়ি ভাঙচুর প্রসঙ্গে অবশ্য উদয়ন কিছু বলেননি।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ