দক্ষিণ কলকাতায় এক আবাসনে কোটি কোটি টাকার হদিস পেল ইডি, রহস্য কি?
বিশেষ প্রতিনিধি : লটারি প্রতারণা মামলায় গতকাল বৃহস্পতিবার কলকাতার বিভিন্ন প্রান্তে তল্লাশি চালায় দিল্লি থেকে আসা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের একটা টিম। আজ শুক্রবার সকাল থেকে আবারো তল্লাশি অভিযানে নামে এই টিম জানা গেছে দক্ষিণ কলকাতার লেক মার্কেট এবং সংলগ্ন আরেকটি জায়গায় তল্লাশি চালাচ্ছে ইডি।ইডি সূত্রের খবর, লেক মার্কেটের প্রিন্স গোলাম মহম্মদ শাহ রোডের একটি বহুতল আবাসনে এক ব্যক্তির ফ্ল্যাট থেকে কয়েক কোটি টাকা উদ্ধার হয়েছে। নিয়ে আসা হয়েছে টাকা গোনার যন্ত্রও।
শহরের মধ্যে আরও একটি জায়গায় তল্লাশি চালাচ্ছে ইডির আর একটি দল। সূত্রের খবর, সেখানেও টাকা গোনার যন্ত্র নিয়ে যাওয়া হয়েছে। বৃহস্পতিবার কলকাতার লেক মার্কেট এবং উত্তর ২৪ পরগনার মাইকেল নগরে তল্লাশি অভিযানে যান ইডির আধিকারিকেরা। অভিযোগ উঠেছিল, লটারির মাধ্যমে কোটি কোটি টাকা প্রতারণা হয়েছে। আর এই প্রতারণার ঘটনায় প্রভাবশালী যোগেরও তত্ত্ব উঠে এসেছে। সেই মামলারই তদন্তে দিল্লি থেকে আসে ইডির বিশেষ দল। তারা লেক মার্কেট এবং বিমানবন্দর সংলগ্ন মাইকেল নগরে তল্লাশি অভিযানে যায়।

এই প্রথম নয়, এর আগেও ২০২৩ সালের অক্টোবরে লটারির বেআইনি টাকার যোগসূত্র খুঁজতে উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামে একটি লটারি সংস্থার ছাপাখানা এবং গুদামে তল্লাশি অভিযান চালান আয়কর দফতরের আধিকারিকেরা। সেই সময়ে আর্থিক প্রতারণার অভিযোগ উঠেছিল।

