পাঞ্জাব বিধানসভা নির্বাচনে অকালি দলের সঙ্গে জোট করে লড়বে বিজেপি!
বাংলার জনরব ডেস্ক : পাঞ্জাব বিধানসভা নির্বাচনে বিজেপি সঙ্গে অকালি দল জোট করতে চলেছে। ৮১৭ আসনের পাঞ্জাব বিধানসভায় বিজেপি দাবি করেছিল তারা একা লড়াই করবে এখন অমিত শাহকে সামনে রেখে অকালি দলের সঙ্গে জোট করে আগামী বিধানসভা নির্বাচন লড়তে চলেছে বলে জানা গেছে।
বাংলার পর পাঞ্জাব দখলই যে পাখির চোখ বিজেপির, সেটা বাংলার বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশের পরই স্পষ্ট করে দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আসলে দিল্লির খুব কাছে আবার সীমান্তবর্তী রাজ্য হওয়ায় কৌশলগতভাবে পাঞ্জাব ভীষণ গুরুত্বপূর্ণ। কিন্তু বিজেপির দুর্ভাগ্য, এ পর্যন্ত সে রাজ্যে একার হাতে কোনওদিন ক্ষমতা দখল করতে পারেনি তারা। অতীতে অকালি দলের সঙ্গে বিজেপি সরকার চালিয়েছে বটে, তবে সেটা জুনিয়র পার্টনার হিসাবে। এবার একার ক্ষমতায় পাঞ্জাব দখলের লক্ষ্যে দীর্ঘ পরিকল্পনা করেছিল বিজেপি। কংগ্রেস-সহ অন্যান্য দল থেকে বহু নেতা ভাঙিয়ে দলে যোগদান করানো হয়। রাজ্যজুড়ে মাদক বিরোধী অভিযান হয়। শহরাঞ্চলের বাইরে গ্রামাঞ্চলে সংগঠন বাড়ানোর জন্য বিশেষ অভিযানও চলে।
তবে এসবের মধ্যেই শুরু হয় অকালি দলের সঙ্গে জোট প্রক্রিয়া। পাঞ্জাবের রাজনীতিতে অকালিরা বিজেপির স্বাভাবিক মিত্র। বিজেপি সে রাজ্যে শহরাঞ্চলে এবং হিন্দু ভোটারদের টার্গেট করে। আর অকালিদের সংগঠন গ্রামাঞ্চলে শক্তিশালী। তাছাড়া জঠ শিখদের মধ্যেও অকালিদের প্রভাব রয়েছে। তাছাড়া পাঞ্জাবে অকালি-বিজেপির জোট পুরনো। ১৯৯৬ সাল থেকে এনডিএ-র শরিক ছিল আকালি দল। পাঞ্জাবে তো বটেই দিল্লিতে এনডিএ-র সরকার গঠনে মুখ্য ভূমিকা ছিল দলটির। তবে বিজেপি ও অকালি দলের সম্পর্কে দাঁড়ি পড়ে ২০২০ সালের সেপ্টেম্বরে কৃষক আন্দোলনকে কেন্দ্র করে। ২০২২ সালের বিধানসভা নির্বাচনে আলাদাভাবে নির্বাচনী লড়াইয়ে নেমে শোচনীয় ভাবে পরাস্ত হয় দুই দলই। এবার ফের এক ছাতার তলায় আসার পরিকল্পনা চলছে।
সেই নিয়ে জল্পনার মধ্যেই শুক্রবার দিল্লিতে দাঁড়িয়ে অমিত শাহ বলে দিয়েছেন, এবার পাঞ্জাবে সরকার গড়বে এনডিএ জোট। ফলে একপ্রকার স্পষ্ট একা ক্ষমতা দখলের আশা ছেড়ে বিজেপি-অকালিদের সঙ্গে জোটের ভরসাতেই রয়েছে। সূত্রের দাবি, অকালি দলের তরফে সুখবীর বাদলও দলের নেতাদের বলে দিয়েছেন, শহরাঞ্চলে আর সেভাবে ফোকাস করার দরকার নেই। ওই কাজটা বিজেপি করবে। অকালিরা গ্রামে নজর দিক। শোনা যাচ্ছে, দিওয়ালির পর পাঞ্জাবে একটি মেগা জনসভার আয়োজন করতে চলেছে বিজেপি। সেখানেই আনুষ্ঠানিকভাবে জোটের কথা ঘোষণা করা হতে পারে।
কিন্তু ওই জোট গঠনে মূল সমস্যা আসনরফায়। শেষবার ২০১৭ সালে একসঙ্গে লড়েছে অকালি দল বিজেপি। সেবার ১১৭ আসনের মধ্যে মাত্র ২৩টি আসনে পদ্মপ্রতীকে লড়েছিলেন বিজেপি প্রার্থীরা। অকালি দল লড়েছিল ৯৪ আসনে। সেই সূত্রে কোনওভাবেই লড়াই সম্ভব নয়, সেটা স্পষ্ট করে দিয়েছে বিজেপি। তাঁরা সিনিয়র পার্টনার হতে চায়। অন্তত ৭০ আসনে লড়াই করার পরিকল্পনা করছে তারা। আবার অকালি দলের বক্তব্য, বিজেপির হাতে ৪০-৫০টি আসনে প্রার্থী দেওয়ার মতো যোগ্য প্রার্থীই নেই। অকালিরা মানছে যে আগের তুলনায় বিজেপির শক্তি বেড়েছে। কিন্তু ৭০ আসনের দাবি পূরণ সম্ভব নয়। ফলে জটিলতা এখনও রয়েছে। সম্ভবত সেকারণেই জোট নিয়ে এখনও খোলাখুলি কিছু বলছেন না পাঞ্জাবের বিজেপি নেতারা।

